২৬/১১ ঘটনার পর পাকিস্তানের প্রতি কড়া মনোভাব কেন নেয়নি সরকার, পাকিস্তানের প্রতি নরম ছিল কংগ্রেস, বিতর্কিত মন্তব্য মণীশ তিওয়ারির

এবার বিতর্কের কেন্দ্রে এল মণীশ তিওয়ারির বই। কংগ্রেস নেতার এই বইকে ঘিরে বেশ অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। আর এই বইকেই হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। মণীশ তিওয়ারির এই বইয়ের নাম 10 Flashpoints 20 Years। এই বইয়ের মাধ্যমে ইউপিএ সরকারকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

তাঁর এই বইয়ের মাধ্যমে প্রশ্ন উঠেছে যে ২৬/১১ হামলার পর পাকিস্তানের প্রতি কেন কড়া কোনও মনোভাব নেয়নি কংগ্রেস সরকার। তিনি এই বইতে দাবী করেছেন যে মুম্বই হামলার পর সরকারের উচিত ছিল পাকিস্তানের বিরুদ্ধে আরও গতিশীল পদক্ষেপ নেওয়া। সেই সময় কোনও কড়া অ্যাকশন নেওয়া দরকার ছিল বলে মনে করেন এই কংগ্রেস নেতা।

তিনি নিজের এই বইতে দাবী করেছেন, সংযমের নাম করে সেই সময় সরকার নরম মনোভাব দেখিয়েছিল, কিন্তু বোঝা দরকার সেটা শক্তি নয়, সেটা দুর্বলতা। তাঁর কথায়, এমন একটা সময় আসে যখন অনেক কথা বলার তুলনায় অ্যাকশন নেওয়াটাই বেশি দরকার হয়ে পড়ে। ২৬/১১ ছিল সেই সময়টা যখন সেই পদক্ষেপ নেওয়াটা খুব দরকার ছিল। জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী ২রা ডিসেম্বর রূপা পাবলিকেশন থেকে প্রকাশিত হবে এই বই।

যেসময় সেই ঘটনা ঘটে, তখন কংগ্রেসের মুখপাত্র ছিলেন মণীশ। এছাড়াও তিনি কেন্দ্রীয় তথ্য় ও সংস্কৃতী মন্ত্রীও হয়েছিলেন। তবে মনীশের এই মন্তব্যকে পুঁজি করে ময়দানে নামতে দেরি করেনি বিজেপি।

এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “এই বইটাই তো প্রমাণ করে দিল ইউপিএ সরকার কোনও কাজের ছিল না। পাকিস্তানের প্রতি কতটা ওরা নরম ছিল সেটাও সামনে এসেছে। ওরা গেরুয়া সন্ত্রাসের কথা বলে। কিন্তু পাকিস্তানের সন্ত্রাস রোধে ব্য়বস্থা নেয় না”। এমনকি, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও এনিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন।

RELATED Articles