সুপ্রিম কোর্টেও বহাল হাইকোর্টের রায়ই, স্বস্তি পেলেন শুভেন্দু, গ্রেফতার করা যাবে না বিরোধী দলনেতাকে

কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ওঠা মামলা ফের হাইকোর্টেই ফিরিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

শুভেন্দুর বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল রাজ্যের নানান থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে মামলা দায়ের হয়েছিল।

তবে এই ঘটনায় একক বেঞ্চ রায় দেয় যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। নতুন মামলা দায়ের হলেও শুভেন্দুকে জানাতে হবে। সেই মামলাগুলির মধ্যে শুভেন্দুর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলাও ছিল।

একক বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। তবে সেখানেও বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ সেই একক বেঞ্চের রায়ই প্রদান করে। রক্ষাকবচ পান শুভেন্দু। এরপর সেই রায়কেও চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

আজ, সোমবার সেই মামলারই শুনানি ছিল। আর শেষ পর্যন্ত সেই হাইকোর্টের একক বেঞ্চের রায়কেই সমর্থন জানাল সুপ্রিম কোর্টও। বিচারপতিরা জানিয়ে দেন যে হাইকোর্টের রায়ের উপর এখনই তারা হস্তক্ষেপ করবেন না।

আরও অন্যান্য খবর