‘দেশের আসল লড়াই হবে ২০২৪-এ, সাহেব তা ভালোভাবেই জানেন’, প্রধানমন্ত্রীকে তোপ প্রশান্ত কিশোরের

গতকাল, বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল। পঞ্জাব ছাড়া বাকি চার রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়াতে উঠেছে গেরুয়া ঝড়। উত্তরপ্রদেশে ফের একবার জয়ী হয়েছে যোগী সরকার।

গতকালের এই ফলাফলকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ইঙ্গিত বলেই দাবী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

আজ, শুক্রবার টুইটে প্রশান্ত কিশোর লেখেন, “দেশের জন্য যে লড়াই তা ২০২৪-এ হবে এবং একটা রাজ্যের নির্বাচনের তা স্পষ্ট হবে না। সাহেব এটা ভাল করেই জানেন। আসলে রাজ্যগুলোর বিধানসভা ভোটের ফলাফল দেখিয়ে বিরোধীদের উপর চালাকিপূর্ণ ভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল নিয়েছেন তিনি। এই ভুল তত্ত্বে বিভ্রান্ত হবেন না”।

গতকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, ‘এই জয়ে এমন কী রয়েছে? ২০১৭-তেই তো এই ফল ঠিক হয়ে গিয়েছিল’। আমি আশা করি তাঁরা এবারও একই কথা বলবেন। ২০২২-এই ২০২৪-এর ফলাফল ঠিক হয়ে গিয়েছে”।

দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের গদিতে বসবেন যোগী আদিত্যানাথ। উত্তরপ্রদেশের ইতিহাসে এই প্রথমবার কোনও একই সরকার পরপর দু’বার ক্ষমতায় এল। ফের একবার পদ্ম শিবিরের উপর ভরসা রাখার জন্য উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আরও অন্যান্য খবর