অমিত শাহ পৌঁছনোর আগেই কাশীপুরে বিজেপি নেতা অর্জুনের মৃতদেহ ‘চুরি’ পুলিশের, ধ্বস্তাধস্তি বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে

কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে কার্যত ক্ষোভে ফুঁসছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশীপুরে পৌঁছনোর আগেই সেখান থেকে জোর করে বিজেপি নেতার মৃতদেহ ‘চুরি’ করে নিয়ে গেল পুলিশ। শববাহী গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

এদিন দফায় দফায় কাশীপুরে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই নিয়ে এলাকায় চূড়ান্ত উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা-কর্মীদের টেনেহিঁচড়ে সরিয়ে দিয়ে জোর করে অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ নিয়ে যায় পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়ান বিজেপি নেতা-কর্মীরা। আর জি র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

আজ, শুক্রবার সকালে বিজেপি নেতার মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপি নেতা কল্যাণ চৌবে, সজল ঘোষ-সহ বিপুল সংখ্যক বিজেপি কর্মী। এরপরই এলাকায় উত্তেজনা শুরু হয়।

পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা-কর্মীরা। এসবের মধ্যেই ওঠে সিবিআই তদন্তের দাবী। কলকাতা বিমানবন্দর থেকে সোজা কাশীপুরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র। স্থানীয় ও বিজেপি নেতা-কর্মীদের দাবী ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী না পৌঁছনো পর্যন্ত মৃতদেহ তারা ছাড়বেন না। অমিত শাহ যাওয়ার পরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কিন্তু অমিত শাহ পৌঁছনোর আগেই পুলিশ জোর করেই নিয়ে গেল অর্জুনের মৃতদেহ।

প্রসঙ্গত, আজ, শুক্রবার রেল কোয়ার্টারের এক পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ। তদন্তকারীদের মনে সন্দেহ জাগাচ্ছে অর্জুনের পায়ের পালিশ করা বুট ও জামা ইন করে পরা দেখে। তাকে দেখে কোনওভাবেই বিধ্বস্ত বলে মনে হচ্ছে না তবে তাঁর পা মাটিতে লেগে ছিল।

ভোট পরবর্তী সময়ে বেশ কিছুদিন ধরেই ঘরছাড়া ছিলেন অর্জুন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশের পর বাড়ি ফেরেন তিনি। এলাকায় সক্রিয় বিজেপি যুবনেতা বলে পরিচিত ছিলেন অর্জুন।

আরও অন্যান্য খবর