২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে নানান বিরোধী দলগুলি একজোট হওয়ার সম্ভাবনা তৈরি হয় অনেকদিন আগে থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নানা বিরোধী দলগুলিকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেসকেও এই জোটে সামিল হওয়ার ডাক দিয়েছেন তিনি।
তবে এবার চব্বিশের ভোটে কোনও রকমের মহাজোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল, রবিবার দিল্লির এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোনও জোট যদি হয়, তাহলে তা হবে দেশের জনগণের সঙ্গেই।
এদিন অনুষ্ঠানে কেজরী বলেন যে বহুদলীয় জোট কী সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। তাঁর কথায়, “আমি জানি না কী করে রাজনীতি করতে হয়। আমি জানি না কেন কোনও একটি দলকে হারাতে ১০ বা তার বেশি দলের জোট তৈরি করতে হয়। আমি কাউকে হারাতে চাই না। আমি চাই দেশ জিতুক”।
উল্লেখ্য, আগামী জুলাই মাসেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে অরবিন্দ কেজরিওয়ালের এমন মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ। তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই নির্বাচনকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একজোট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে কার্যত নিশ্চিত হার জেনেও বিজেপির বিরুদ্ধে জোটপ্রার্থী দিতে উদ্যত হয়েছে তৃণমূল-সহ নানান বিরোধী দল। গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে। সেখানে গিয়ে তিনি দেখা করেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। বিরোধী জোট নিয়ে আলোচনাও হয় দু’পক্ষের মধ্যে। কিন্তু এসবের মধ্যেই আপ প্রধানের বিরোধী জোট নিয়ে এমন মন্তব্য কার্যত নানান বিরোধী দলগুলিকে বেশ চাপের মুখেই ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।





