বিজেপি নেত্রী নূপুর শর্মার মহানবী হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যের কারণে এখন গোটা দেশ উত্তাল। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এক বিশেষ সম্প্রদায়ের মানুষ। পার্ক সার্কাস থেকে শুরু করে হাওড়া, নানান জায়গায় বিক্ষোভ দেখানো হয়।
গত বৃহস্পতিবার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ১১ ঘণ্টা পর সেই অবরোধ তোলা হয়। এরপর গতকাল, শুক্রবারও ধূলাগড়, সলপে ঘটে একাধিক হিংসার ঘটনা। পুলিশকে লক্ষ্য করে হয় ইটবৃষ্টি, বোমাবাজি। এই ঘটনার জেরে গোটা রাজ্যে ছড়ায় আতঙ্ক।
এত কিছুর পরও কোনওভাবেই থামছে না হিংসার ঘটনা। আজ, শনিবার হাওড়ার পাঁচলায় জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। এমন আবহে এবার হাওড়ার পুলিশ কমিশনারকে বদল করা হল নবান্নের তরফে। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, হাওড়ার সিটি পুলিশের নতুন কমিশনার হলেন প্রবীণ ত্রিপাঠী।
এর আগে হাওড়ার সিটি পুলিশের কমিশনার পদে ছিলেন সি সুধাকর। তবে এবার তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, হাওড়া গ্রামীণ পুলিশের নতুন পুলিশ সুপার হলেন স্বাতী ভাঙ্গালিয়া। এর আগে পুলিশ সুপার ছিলেন সৌম্য রায়।
জানা গিয়েছে, সৌম্য রায়কে এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার করা হয়েছে। এই সৌম্য রায় হলেন তৃণমূল তারকা বিধায়ক লাভলি মৈত্রের স্বামী। একুশের বিধানসভা নির্বাচনের সময় বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছিল যে সৌম্য রায় নাকি তৃণমূলকে ভোট সংক্রান্ত বিষয়ে সাহায্য করেছেন।





