একুশের নির্বাচনের (Assembly Election) সময়ই শেষ তাঁকে দেখা গিয়েছিল বাংলায়। এরপর বঙ্গ রাজনীতিতে জল অনেক দূর গড়িয়েছে কিন্তু তাঁর দেখা মেলেনি। এক বছর পর ফের কলকাতায় পা রাখলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিজেপি (BJP) সূত্রে খবর অনুযায়ী, তাঁর শরীর যদি ঠিকঠাক থাকে, তাহলে তিনি আজ, সোমবারই যেতে পারেন রাজ্য বিজেপির সদর দফতরে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে পারেন তিনি।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন যে মিঠুন কলকাতায় আসতে পারেন। তিনি এও জানান যে শরীর সুস্থ থাকলে মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দফতরে আসতে পারেন মিঠুন। তবে মিঠুনের ঘনিষ্ঠসূত্রে খবর, শরীর ঠিক থাকলে তিনি সোমবারই যেতে পারেন রাজ্য বিজেপির দফতরে। আর তা যদি হয়, তাহলে এই প্রথম বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী যাবেন কলকাতায় বিজেপির সদর দফতরে।
একুশের নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে এনে চমক দেয় গেরুয়া শিবির। সেই সময় বিজেপির হয়ে বাংলার নানান প্রান্তে প্রচারও করেছিলেন তিনি। তবে বিজেপির রাজ্য দফতরে একবারও দেখা যায়নি তাঁকে। তিনি বিজেপির জাতীয় সমিতির সদস্য। তবে গত এক বছরে বঙ্গ রাজনীতি তো নয়ই, জাতীয় রাজনীতিতেও দেখা মেলেনি মিঠুন চক্রবর্তীর।
আসানসোল উপনির্বাচনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচার করতে আসার কথা ছিল তাঁর। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। উপনির্বাচনের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন তিনি। গতকাল, রবিবার হায়দ্রাবাদে চজিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। এরপর আজ, সোমবার কলকাতায় এলেন তিনি।
বিধানসভা নির্বাচন এবং তৎপরবর্তী উপনির্বাচনগুলিতে প্রত্যাশিত ফল না পেয়ে লোকসভা ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপি যখন রাজ্যে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই সময়ই মিঠুনের কলকাতায় আসা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে । প্রশ্ন উঠেছে, বিধানসভা ভোটে বিজেপির শোচনীয় হারের পর যে মিঠুনকে বঙ্গ রাজনীতিতে আর দেখাই যায়নি, তিনি কি এক বছর পর আবার সক্রিয় ভাবে বঙ্গ রাজনীতিতে ফিরতে চলেছেন? ফের কী তিনি বিজেপির হয়ে গ্রামেগঞ্জে প্রচার শুরু করবেন? তবে বিজেপির তরফে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।






