তৃণমূলের তোলাবাজি! তোলার টাকা না দেওয়ায় ফল বিক্রেতাকে বেধড়ক মারধর কলকাতায়, অভিযোগ দায়ের শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে

তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের তরফে বারবার তোলাবাজি (extortion) বন্ধ করার জন্য কড়া নির্দেশ শানানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কড়া নির্দেশ দিয়েছেন যাতে ২১শে জুলাইয়ের (21st July) সমাবেশের জন্য কোনও রকমের কোনও চাঁদা না তোলা হয়।

তৃণমূলের নানান স্তরের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আসাতেই এহেন পদক্ষেপ নিয়েছে শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এরপরও যেন বন্ধ হচ্ছে না তোলাবাজি। রাজ্যের নানান প্রান্ত থেকে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বারবার উঠে আসছে। এবার এই অভিযোগ এল খোদ কলকাতা থেকেই।

গতকাল, শুক্রবার কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচিন সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, গতকাল রাতে এক ফল বিক্রেতা দীপঙ্কর রাউতের থেকে তোলা হিসেবে এক হাজার টাকা চায় রাহুল দেব নামের এক যুবক। সেই যুবক নিজেকে তৃণমূল কাউন্সিলর শচিন সিংয়ের অনুগামী বলে পরিচয় দেয়। কিন্তু ফল বিক্রেতা তোলার টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।

এরপর ওই ফল বিক্রেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে এন্টালি থানায় গিয়ে তোলাবাজ ও তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ফল বিক্রেতা। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শীর্ষ নেতৃত্বের তরফে বারবার নির্দেশ সত্ত্বেও কেন তোলাবাজি বন্ধ হচ্ছে না রাজ্যে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর শচিন সিংয়ের তরফে। তাঁর কথায়, “আমি এই প্রসঙ্গে কিছু জানি না। এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। তবে এইগুলি মিথ্যে। যদি কোন রকম অভিযোগ থেকে থাকে, তবে রাহুল যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। সত্য সামনে আসবে”।

RELATED Articles