সম্প্রতি শুরু হয়েছে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো। খুশি নিত্যযাত্রীরাও। এবার কলকতার মেট্রোর মুকুটে আরও একটি পলক যুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। নতুন ইতিহাসের সাক্ষী থাকবে কলকাতা মেট্রো। কারণ গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো।
মেট্রো সূত্রের খবর চলতি বছরের পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে ছুটতে পারে মেট্রো, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে , পুজোর মাস থেকেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হবে।
হাওড়া – ধর্মতলা মেট্রো রুটের কাজ বেশ গতিতে এগোলেও মেট্রো কর্তৃপক্ষকে ভাবাচ্ছে বউবাজার এলাকার কাজ। সেখানে পুরোনো বাড়ি থাকায় সুড়ঙ্গে কাজ করতে গেলে বারবার ফাটল ধরছে বাড়ি গুলিতে। যার ফলে কাজে বিঘ্ন ঘটছে। তবে তারা আশাবাদী খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হবে।
কেএমআরসিএল সম্প্রতি একটি বিবৃতি জারি করে জানিয়েছে,’হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত দুই দিকের লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। এখন ধর্মতলা পর্যন্ত তৃতীয় লাইনের বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। এই বছর অক্টোবর মাস থেকেই শুরু হবে ট্রায়াল রান।’





