বিকেল থেকে শুরু করে রাত পেরিয়ে হয়ে গেল সকাল। তখনও পর্যন্ত ক্যামাক স্ট্রীটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেই বসে রইলেন তারা। একটাই দাবী, অভিষেকের সঙ্গে সাক্ষাৎ। সেটা না করে সেখান থেকে নড়বেন না তারা।
এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা শুনে অভিষেকের অফিসের সামনে জড়ো হন টেট উত্তীর্ণরাও। অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করার দাবী তোলেন তারা। অভিষেক নিজে সরাসরি দেখা করতে পারেন নি ঠিকই। তবে আগামী সাতদিনের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আলোচনার কথা বলেছেন তিনি।
গতকাল, শুক্রবার এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসের ওই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে যখন বৈঠক চলছে, তখন বাইরে জমায়েত করে আরও একটি চাকরিপ্রার্থীর দল। আন্দোলনকারীদের দাবী, তাঁরা ২০১৪ সালের প্রাথমিক টেট পাশ করেছেন। এসএসসি আন্দোলনকারীদের বৈঠকের খবর পেয়ে তাঁরাও ক্যামাক স্ট্রিটে এসে হাজির হন।
বৈঠক শেষ হয়ে গেলেও বাইরে বসে থাকা টেট উত্তীর্ণরা নিজেদের দাবীতে অনড় ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অভিষেকের অফিসের সামনেই বিক্ষোভ দেখান তারা। সেই খবর অভিষেকের কাছে গেলে তিনি প্রতিনিধি পাঠান তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু কোনও লাভ হয়নি। অভিষেকের সঙ্গেই সাক্ষাৎ করার দাবীতে অনড় থাকেন তারা।
শেষ পর্যন্ত এই আন্দোলনকারীদের বার্তা পাঠানো হয় তারা যাতে ডেপুটেশন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করেন। তাদের বলা হয় যে তাদের সমস্যাও গুরুত্ব দিয়ে দেখা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অভিষেক বলেন যে তিনি যাতে সাতদিনের মধ্যে টেট উত্তীর্ণ ওই দলের সঙ্গে দেখা করেন।
কিন্তু এরপরও বিক্ষোভ তুলে নেন টেট উত্তীর্ণরা। গোটা রাত তারা অভিষেকের ক্যামাক স্ট্রীটের অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বেন না বলে জানান আন্দোলনকারীরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার