মর্মান্তিক দুর্ঘটনা কাশ্মীরে! ৩৯ জন সেনা নিয়ে খাদে উলটে গেল বাস, মৃত্যু ৬ জওয়ানের

মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ভূস্বর্গ কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের গভীর খাদে উলটে গেল সেনাদী বাস। সেই বাসে ৩৭ জন আইটিবিপি জওয়ান ও ২ জন পুলিশকর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৬ জন জওয়ানের। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ। গুরুতর আহত জওয়ানদের হেলিকপ্টারে করে শ্রীনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী,  সেই বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে যায়। পুরো দুমড়ে মুচড়ে যায় বাসটি। ওই বাসে ছিলেন ৩৭ জন ইন্দো-তিব্বত পুলিশের জওয়ান ও ২ জন পুলিশকর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জওয়ানের। এই দুর্ঘটনায় মোট ৩০ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দ্রুত উদ্ধারকার্যে নেমেছে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ১৯টি অ্যাম্বুলেন্স। আহতদের অনন্তনাগের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। যারা অল্প আহত হয়েছেন, তাদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে শ্রীনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই দুর্ঘটনার কথা জানিয়ে কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করা হয়েছে। টুইটে জানানো হয়েছেউ, “পহেলগাঁওয়ে চন্দনওয়ারির কাছে বাস দুর্ঘটনায় ৬ আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকে। গুরুতর আহতদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভরতি করানো হয়েছে”।

আরও অন্যান্য খবর