দেশের সমস্ত রাজ্যের পুলিশের একই পোশাক হোক, দেশের ঐক্যের স্বার্থে ‘এক দেশ এক ইউনিফর্মের’ ডাক মোদীর

দেশের আইনশৃঙ্খলা (law and order) পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য জাতীয় ঐক্যের উপরে জোর দেওয়া দরকার। আজ, শুক্রবার চিন্তন শিবিরের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আইনশৃঙ্খলা রক্ষা প্রতিটি রাজ্যের দায়িত্ব। তবে দেশের ঐক্য ও সংহতির কথাও মাথায় রাখতে হবে। এদিন চিন্তন বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ভারচুয়ালি ভাষণ দেন নরেন্দ্র মোদী। আর এই বৈঠকেই ‘এক দেশ এক ইউনিফর্ম’-এর (one nation one police uniform) ডাক দেন তিনি। দেশের সমস্ত রাজ্যের পুলিশের পোশাক এক হওয়ার পক্ষে সওয়াল করেন মোদী।

এদিনের এই বৈঠকে মোদী বলেন যে প্রতিটা রাজ্যেরই অন্য রাজ্য থেকে কোনও না কোনও শিক্ষা নেওয়া প্রয়োজন। দেশের স্বার্থে এমনটা করা উচিত। এটাই দেশের নাগরিকদের প্রতি কর্তব্য। প্রধানমন্ত্রীর কথায়, এক দেশ এক ইউনিফর্ম প্রসঙ্গে সব রাজ্যগুলির নিজেদের মধ্যে আলোচনা করা প্রয়োজন।

তাঁর মতে, রাজ্যে যদি কোনও অপরাধ হয়, তাহলে তা কেবল ওই রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অপরাধ আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক হতে পারে। সেই কারণে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে সদ্ভাব থাকা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর মতে, সমস্ত রাজ্যের মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দুদিনের এই চিন্তন শিবিরের মূল উদ্দেশ্যই ছিল দেশের সুরক্ষা নিয়ে আলোচনা করা। পুলিশ বাহিনীর আধুনিকীকরণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, বিচারের ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তির ব্যবহার, সীমান্ত সুরক্ষা, উপকূলীয় নিরাপত্তা, নারী সুরক্ষা, মাদক পাচারের মতো বিষয়গুলিই ছিল মূল আলোচ্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র নেতৃত্বে হয় এই চিন্তন বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১৬ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরা। গতকাল, বৃহস্পতিবার এই শিবিরে বক্তব্য রাখেন অমিত শাহ।

এই বৈঠকে শাহ উল্লেখ করেন যে দেশের সমস্ত রাজ্যের সাধারণ সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্যই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে জম্মু ও কাশ্মীরের উন্নয়নের কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীর মতো তিনিও বলেন যে অপরাধের ধরণ বদলেছে। তাই তদন্তের ক্ষেত্রেও বদল আনাটা খুব জরুরি।

আরও অন্যান্য খবর