লটারিতে এবার এক কোটি টাকা জিতলেন বীরভূমের নলহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) রাজেন্দ্র প্রসাদ সিংহের (Rajendra Prasad Sinha) ভাইয়ের স্ত্রী। অন্তত নামী লটারি সংস্থার ওয়েবসাইট (website) তো তেমনটাই বলছে। সেই স্ক্রিনশট এখন নেট মাধ্যমেও (social media) তুমুল ভাইরাল। যদিও এই বিষয়ে তৃণমূল বিধায়ক বা তাঁর পরিবার মুখে কুলুপ এঁটেছেন।
বীরভূমের নলহাটির বিধায়ক রাজেন্দ্রর তুতো ভাই নাম রাকেশ সিংহ ওরফে পিন্টুও রাজনীতির সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। তিনি তৃণমূলের নলহাটি শহরের সভাপতি। পিন্টুর স্ত্রী নেরু সিংহ লটারিতে পেয়েছেন ১ কোটি টাকা। এমন ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংশ্লিষ্ট লটারি সংস্থার ওয়েবসাইটে গেলেও দেখা যাচ্ছে, গত ১৪ জুলাইয়ের লটারি খেলায় ১ কোটি টাকা পেয়েছেন নেরু।
এই বিষয়ে তৃণমূল নেতা রাকেশের সিংহ বিশেষ কিছু বলতে চান নি। তিনি শুধু বলেন, “ছটপুজোয় ব্যস্ত আছি। পরে কথা বলব”। অন্যদিকে, এই বিষয়টি এড়িয়ে যান বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহও। তিনি বলেন, “এখন বাইরে আছি। বিষয়টি নিয়ে কিছু জানা নেই”। যদিও বিধায়ক ও তৃণমূল নেতার ঘনিষ্ঠ মহলের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। এই ঘটনা প্রসঙ্গে শাসক দলকে তোপ দেগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “সাধারণ মানুষ লটারির টিকিট কেনেন আর ‘বাম্পার’ পুরস্কার জেতেন তৃণমূল নেতারা”।
শুভেন্দু এমন ইঙ্গিতও দিয়েছিলেন যে এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে। যদিও তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত এর পাল্টা দিয়ে বলেন, “ডিয়ার লটারি চালায় বিজেপি শাসিত নাগাল্যান্ড সরকার। তাদের লটারি জিতে এক কোটি টাকা পাওয়া কি অন্যায়? না কি টিকিট কাটাই ভুল হয়েছে”।
বলে রাখি, চলতি বছরের শুরুর দিকে ডিয়ার লটারি জিতে এক কোটি টাকার পুরস্কার পেয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও। সেই নিয়েও বিতর্ক কম হয়নি। সেই সময় অনুব্রত বলেছিলেন, “পেলে আমি পেয়েছি, তাতে কার কী”। তবে আপাতত অনুব্রত জেলবন্দি।






