পুরীর জগন্নাথ মন্দির থেকে ভাঙল পাথর, কোনও অশুভ ইঙ্গিত নয় তো? আশঙ্কা জাগছে ভক্তদের মনে

গতকাল, শুক্রবার রাতে পুরীর জগন্নাথ মন্দির থেকে ভেঙে পড়ল একটি বড় পাথরের টুকরো। এই ঘটনায় মন্দির চত্বরে বেশ আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই মন্দিরের চর্চাগৃহ থেকে ভেঙে পড়ে পাথরের টুকরোটি। এই ঘটনায় কেউ আহত হন নি ঠিকই, কিন্তু এই ঘটনার জন্য বেশ আশঙ্কা দানা বেঁধেছে ভক্তদের মনে।

জানা গিয়েছে, মন্দির চত্বরে জগমোহনের নট মণ্ডপের একটি সখীর মূর্তি থেকে ভেঙে গিয়েছে ওই পাথরের টুকরোটি। এই টুকরোটির ওজন প্রায় তিন কেজি। ইতিমধ্যেই আর্কিওলজক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-কে এই পাথর ভাঙার কথা জানানো হয়েছে। ওই অংশের অন্যান্য পাথরগুলি দুর্বল হয়ে পড়েছে কী না, তা জানা দরকার।

বলে রাখি, গত কয়েকমাস ধরেই যেন পুরীর মন্দিরে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। রান্নাঘরের উনুন ভাঙচুর থেকে শুরু করে রথযাত্রার সময় গুণ্ডিচার মন্দিরের রান্নাঘরে হামলা, গর্ভগৃহ একাংশের দেওয়ালের প্লাস্টার খসে পড়া, মন্দিরের দেওয়ালে ফাটল এমন নানান ঘটনায় আতঙ্কিত পুণ্যার্থীরা। আর এবার মন্দিরের পাথর ভেঙে পড়ার ঘটনায় আরও আশঙ্কায় ভক্তরা। তাদের আশঙ্কা, এই ঘটনা হয়ত কোনও অশুভ ইঙ্গিত বহন করছে।

পুরীর মন্দিরে ফাটল দেখা দেওয়ায় তা নিয়ে ইতিমধ্যেই ওড়িশা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আদালত বন্ধু এন কে মোহান্তি। তিনি দাবী করেছেন যে মন্দির সংস্কারের কাজ ঠিকমতো করা হচ্ছে না। এই ঐতিহ্যবাহী মন্দির অনেক পুরনো।

তাঁর কথায়, খুব সাবধানতা অবলম্বন করে মন্দিরের সংস্কারের কাজ করা প্রয়োজন। সম্প্রতি তিনি মন্দির পর্যবেক্ষণে যান। সেখানে একাধিক ফাটল দেখেছেন তিনি। এই বিষয় নিয়ে এন কে মোহান্তি একটি হলফনামাও জমা করেছেন ওড়িশা হাইকোর্টে।

আরও অন্যান্য খবর