শীতের আমেজ রাজ্যজুড়ে, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? আভাস দিল হাওয়া অফিস

নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই বঙ্গে শীতের আগমন। বেশ শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। জেলায় জেলায় হিমেল হাওয়ায় বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে। কলকাতাতেও হালকা শীতের পোশাকের দেখা মিলছে কারোর কারোর গায়ে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন ঘটবে না কয়েকদিন। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে।

আর এর ফলে ভোরে ও রাতে ঠান্ডার আমেজ বজায় থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি মতো কম থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও বাড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গতকাল, বুধবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১ এবং ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

আগামীকাল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

RELATED Articles