বছরের শেষের দিকে বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। গত ৫০ বছরে এই প্রথম ডিসেম্বরে তাপমাত্রা ছুঁয়েছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে, আজ। বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা গেল। এক ধাক্কায় তাপমাত্রা কমে গেল ৬ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা নেমে যাওয়ার কারণে এদিন সকাল থেকেই বেশ শিরশিরানি ভাব ফের অনুভূত হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের চেয়ে অনেকটা কম হলেও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
গতকাল, বুধবার এই তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রের খবর। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বছরের শেষের দিকে শীতের আমেজ উপভোগ করা গেলেও ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। জানা যাচ্ছে, উচ্চচাপ বলয়ের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়ে গিয়েছিল। এর পাশাপাশি ঠাণ্ডা উত্তুরে হাওয়া বওয়াও কমে গিয়েছিল। সেই কারণে ডিসেম্বরের শেষেও তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। এর জেরে ডিসেম্বরেও গরম অনুভূত হয় বঙ্গবাসীর।
এবার উত্তরবঙ্গের উপর বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণে নতুন বছরের শুরুতেই ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তাই জাঁকিয়ে শীত কবে পড়তে পারে, তার পূর্বাভাস মেলেনি এখনও পর্যন্ত।






