বিয়ে করে ফেরার পথে মালবাজারে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রুংডুং নদীতে পড়ে গেল বরের গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত ৬। আহতদের মধ্যে রয়েছেন নব্দম্পতি। কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের রুংডুং সেতুতে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার রাতে ডুয়ার্সের বানারহাট এলাকা থেকে বিয়ে করে একটি বড় গাড়িতে করে ফিরছিলেন শিলিগুড়ির বাসিন্দা রাজেশ এক্কা। সেই গাড়িতে ৯-১০ জন ছিলেন। গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারায়।
নিয়ন্ত্রণ হারানোর জেরে গাড়িটি গিয়ে পড়ে পাশের রুংডুং নদীতে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মংপং ফাঁড়ির পুলিশ। সেখানে তিলক মণ্ডল নামে এক যুবক ও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।
এরপর পুলিশ ও অ্যাম্বুলেন্স চালকদের তৎপরতায় নিহত ও আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের রাতেই শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ছিলেন। শিলিগুড়ির নানান স্বাস্থ্যকেন্দ্রে আপাতত আহতদের চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, নবদম্পতি রাজেশ এক্কা ও পুনম ওঁরাও দু’জনেই শিলিগুড়িতে চিকিৎসাধীন। মংপং ফাড়ির ওসি মঙ্গল সিংলো এই ঘটনা প্রসঙ্গে বলেন, “রাত ১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাতেই আহত এবং নিহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শনিবার ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়েছে। তবে নদীতে জল তেমন ছিল না। তা নইলে আরও বড় বিপদ ঘটত। দুর্ঘটনার তদন্ত চলছে”।






