চলন্ত ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড! মহিলার কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই করে চম্পট দুষ্কৃতীর, হইচই ক্যানিং লোকালে

চলন্ত ট্রেনের কামরা থেকে মহিলার কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই করে পালাল দুষ্কৃতী। এই ঘটনায় ট্রেনের কামরায় রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। অন্যান্য যাত্রীরা রীতিমতো শিউড়ে ওঠেন এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে আজ, বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারী শরিফ স্টেশনে ক্যানিং লোকালে। এই ঘটনায় ক্যানিং জিআরপিতে অভিযোগ জানান ওই মহিলা। ক্যানিং জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই ট্রেনের যাত্রীদের সূত্রে খবর, সুন্দরবনের গোসাবা ব্লকের কচুখালির বাসিন্দা গৃহবধু অশ্রুকণা মণ্ডল। তাঁর এক ছেলে সোনারপুর এলাকায় পড়াশোনা করে। মাঝেমধ্যেই সেখানে আসেম তিনি। ছেলের সুবিধা অসুবিধা দেখেন। দু’‌দিন আগে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পান অশ্রুকণাদেবী। তাই পুকুরের কই মাছ নিয়ে ছেলের কাছে আসেন তিনি।

এদিন তাঁর সঙ্গে ছিলেন মেয়ে অঞ্জু মণ্ডল ও শ্বশুর দুলালচন্দ্র মণ্ডল। গত সোমবার এখানে এসেছিলেন অশ্রুকণা দেবী। ছেলে সুস্থ হতেই আজ বাড়ি ফিরছিলেন তিনি। তখনই এক দুষ্কৃতী তাঁর কান থেকে সোনার দুল টেনে ছিনতাই করে চম্পট দেয়।

জানা গিয়েছে, এদিন সোনারপুর স্টেশন থেকে ক্যানিং লোকালে ওঠেন অশ্রুকণাদেবী, তাঁর মেয়ে ও শ্বশুর। অভিযোগ, ঘুটিয়ারী স্টেশন ছাড়তেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এক দুষ্কৃতী। তাঁর ডান কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় সে। কান থেকে অনবরত রক্ত পড়ছিল অশ্রুকণাদেবীর। ট্রেন ক্যানিং স্টেশনে পৌঁছতেই সেই অবস্থাতেই জিআরপিতে অভিযোগ জানান ওই মহিলা। তাঁর শ্বশুর ও মেয়ে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

অশ্রুকণাদেবীর শ্বশুর জানান, “আজ সকালে যাচ্ছিলাম আমরা তিনজন নাতির কাছ থেকে। ক্যানিং লোকালে উঠেছিলাম। ট্রেন ছেড়েও দিয়েছিল। তখনই হঠাৎ একজন বৌমার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চম্পট দিল। রক্তে ভেসে গেল ট্রেনের কামরা। ওই দুষ্কৃতীকে ধরার আগেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সে পালিয়ে যায়”।

RELATED Articles