বকেয়া ডিএ (Due DA) নিয়ে এখন রাজ্য উত্তাল। এখনও নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা (state government employees)। এবার এই আন্দোলনকারীদের কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, “না পোষালে ছেড়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের (central government) চাকরি করুন, ওরা অনেক টাকা দিচ্ছে”। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ বিতর্ক চড়েছে।
সম্প্রতি রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে মোটেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের বেশিরভাগ অংশই। রাজ্যকে বকেয়া ডিএ মেটাতেই হবে, এই দাবীতে অনড় তারা। চলছে আন্দোলন। কিন্তু এই আন্দোলন মোটেই ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক দল। এবার এই নিয়ে সুর চড়ালেন ফিরহাদ হাকিম।
গতকাল, মঙ্গলবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে একটি অনু্ষ্ঠানে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই ডিএ প্রসঙ্গ ওঠে। সেই বিষয়ে ফিরহাদ বলেন, “ডিএ নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের ভাবতে হবে কোনটা অগ্রাধিকার, বঞ্চিতদের ভাত দেওয়া নাকি যারা পাচ্ছে তাঁদের আরও দেওয়া”।
এরপরই সরকারি কর্মচারীদের নিশানা করে তিনি বলেন, “আমি বলছি না পোষালে ছেড়ে দিন। কেন্দ্রীয় সরকার অনেক টাকা দিচ্ছে, সেখানে কাজ করুন। মানুষের ট্যাক্সের টাকায় আমার মাইনে হয়। মানুষের সেবার ব্রতটাই আমার সবার আগে দরকার”।
তবে মন্ত্রীর এই মন্তব্যকে তেমন গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকারি কর্মীরা। নিজেদের অবস্থানে অনড় তারা। সরকারি কর্মচারীদের কথায়, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীদের দাবী, ১০ মার্চ তাদের ধর্মঘট যদি সফল হয়, তাহলেই রাজ্য সরকার এই সমস্ত পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারবে।





