আগ বাড়িয়ে অনুব্রতকে নিয়ে কোনও মন্তব্য নয়, মুখে ‘লিউকোপ্লাস্টার’ লাগানোর নির্দেশ, ‘প্রিয় কেষ্ট’কে ছেঁটে ফেলতে চাইছেন মমতা?

গত মঙ্গলবার অর্থাৎ দোলের দিন গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে দিল্লি গিয়েছে ইডি। সেখানে তাঁকে আপাতত তিনদিন ইডি-র (Enforcement Directorate) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জেরা চলছে তৃণমূল নেতাকে। আর এদিকে কলকাতায় বসে অনুব্রতকে নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তাঁর দল।

প্রশ্ন উঠেছে যে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতেই কী এবার তাঁর মাথার উপর থেকে হাত তুলে নিতে চাইছে তাঁর প্রিয় ‘দিদি’ ও দল? আসলে, গতকাল, বুধবার সংসদের বাজেট অধিবেশনের দলের নীতিনির্ধারণ বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হল, তাতে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে আর কী! অনুব্রতর বিষয়ে তৃণমূল নেতাদের মুখে লিউকোপ্লাস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অনুব্রতর গ্রেফতারির পর থেকেই তাঁকে নানা বিশেষণে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নানান তৃণমূল নেতারা। কখনও তাঁকে বলা হয়েছে বীরভূমের বীর তো কখনও আবার কেউ বলেছেন ‘বাঘ’। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, “কেষ্ট ছাড়া পেলে তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবে”। কিন্তু দিল্লি প্রবাসী কেষ্টর বীরত্বের উপর থেকে কী এবার ভরসা হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

গতকাল, বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরপর থেকে সংসদে আগ বাড়িয়ে অনুব্রতকে নিয়ে যেন কোনও মন্তব্য না করা হয়। বিরোধীরা যদি তাঁর নাম তোলে, তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে গরু পাচার মামলার দায়ে সিবিআই গ্রেফতার করে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে এখনও তাঁকে পদ থেকে সরায় নি দল। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নানান তৃণমূল নেতারা বারবার অনুব্রতর পাশে থাকার বার্তাও দিয়েছেন।

কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। পার্থ গ্রেফতার হওয়ার ৭ দিনের মধ্যেই তাঁকে মন্ত্রিসভা ও দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। এবার আবার অনুব্রতকে দিল্লি নিয়ে যেতেই তাঁর বিষয়ে এমন সিদ্ধান্ত নিলেন মমতা। এসব থেকে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে কী এবার অনুব্রতকেও ছেঁটে ফেলতে চাইছেন তিনি?

RELATED Articles