আজ গোটাদিনই বৃষ্টিতে ভিজবে শহর, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রোদের দেখা কবে মিলবে?

আজ, শনিবার সকাল থেকেই আকাশে জমেছে মেঘ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলা ভিজছে বৃষ্টিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ গোটাদিনই এমনই আবহাওয়া থাকবে শহরে। আগামীকাল, রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে ফের রোদের দেখা মিলবে বঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানা যাচ্ছে।

এমন আবহাওয়ার জেরে শনিবার সারাদিনই দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি। গতকাল, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। এখনও পর্যন্ত ৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কিছু অংশে শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও, ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবে আগামীকাল, রবিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পালটাবে বলে জানা গিয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে। আবার উত্তরপ্রদেশ, অসম, রাজস্থানের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বলে জানা গিয়েছে।

RELATED Articles