রামনবমীর সন্ধ্যেয় হাওড়ার শিবপুরে তৈরি হয় তুমুল উত্তেজনা। চলে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। সেই ঘটনার রেশ কাটতে কাটতেই গত রবিবার রিষড়ায় রামনবমীর মিছিলে চলে হামলা। এমন অশান্তির ঘটনায় গোটা রাজ্য এখন তোলপাড়। এবার এই পরিস্থিতি নিয়ে খোলা চিঠি লিখলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্যের মতো বিশিষ্টজনরা।
চিঠিতে তারা লিখেছেন, “রামনবমীকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে বাংলায় যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা আতঙ্কিত ও উদ্বিগ্ন। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি”।
প্রশাসনের ভূমিকা নিয়ে নিন্দা করে এই চিঠিতে লেখা হয়েছে, “প্রশাসনিক দায়িত্বের কথাও মনে করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি”। এই চিঠিতে সই রয়েছে কৌশিক সেন থেকে শুরু করে রেশমী সেন, ঋদ্ধি সেন, সুজন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য ও বেশ কয়েকজন বিশিষ্টজনের।

এই হিংসার ঘটনার বিষয়ে অনির্বাণ বলেন, রামনবমী একটা ধর্মীয় অনুষ্ঠান। সেখানেও যদি এমন হিংসাত্মক ঘটনা ঘটে, তাহলে তো আর কিছু বলার থাকে না। এভাবে বাংলার সম্প্রীতি, পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ অভিনেতার। অনির্বাণের কথায়, “বাংলার মানুষ হিংসাকে জিততে দেবে না, এটা আমার বিশ্বাস”। এই ঘটনার জন্য রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন অভিনেতা।






