সকাল থেকেই আকাশ মেঘলা, সপ্তাহান্তেই উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা, দক্ষিণবঙ্গে কবে দেখা মিলবে বৃষ্টির?

প্যাচপ্যাচে, ভ্যাপসা গরমের জেরে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত। এমন অস্বস্তিকর অবস্থা থেকে কবে মিলবে মুক্তি? একফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে রাজ্যবাসী। একটাই প্রশ্ন, বর্ষা কবে নামবে? এমন আবহেই এবার একটু আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

এই বছর দেরিতেই বাংলায় বর্ষা প্রবেশ করবে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তেই রাজ্যে আসছে বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার অর্থাৎ ১১ জুন, উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষা ঢুকতে পারে। ওইদিন থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার- উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঠিক কবে ঢুকবে, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে প্রতি বছর মোটামুটি ১০ই জুনের মধ্যে বর্ষা ঢুকে যায়। কিন্তু এই বছর যে তেমনটা হচ্ছে না, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে রবিবার থেকে গরম কমতে পারে। প্রাক-বর্ষার ঝড়বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে।

কিন্তু বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে এখনই গরম কমবে না, তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বর্ষা যতদিন না পর্যন্ত প্রবেশ করছে, ততদিন এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।

RELATED Articles