‘রাজভবন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে’, রাজ্যপালের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ আনলেন কুণাল

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার সই না করে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই নিয়ে রাজ্যপালকে বেলাগাম আক্রমণ শানাল তৃণমূল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবী, রাজভবন এখন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে। তিনি এও অভিযোগ করেছেন যে রাজ্যপাল পঞ্চায়েত নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করছেন।

গতকাল, বুধবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার সই না করেই নবান্নে ফেরত পাঠানো হয় রাজভবনের তরফে। রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করার পর নবান্নের তরফে রাজীবের নামে জয়েনিং লেটার পাঠানো হয়েছিল। আর তাতে সই না করেই তা ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল।

সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ১৬ দিন বাকি। এর আগে কী তবে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবে রাজভবন? সেই প্রশ্নই উঠেছে। এই ঘটনা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল পদকে সম্মান করি, কিন্তু ভোটের আগে দাঁত-নখ বের করেছেন, সেটার প্রতিবাদ করছি। এভাবে রাজ্যপাল যদি পঞ্চায়েত নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সি ভি আনন্দ বোস বাংলা থেকে দূর হটো”।

এদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ, বৃহস্পতিবার থেকে নতুন প্রচার অভিযান শুরু করেছে তৃণমূল। কর্মসূচির নাম ‘গ্রামের পাশে মহানগর’। শহরতলীর নানান পঞ্চায়েত এলাকা থেকে আসা সাধারণ নাগরিকদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি শুরু করেছে শাসকদল। আমজনতার কাছে দলীয় বার্তা পৌঁছে দিয়ে হাওড়া এবং শিয়ালদহে জনসভা করবে তৃণমূল। বৃহস্পতিবার শিয়ালদহে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন এই সভা থেকে কেন্দ্র সরকারকে আক্রমণ শানান সোহম চক্রবর্তী। বলেন, “২০২৪-এর পর লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেবে হাওয়াই চটি পরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়”।

আরও অন্যান্য খবর