রাজ্যেও থাবা বসিয়েছে করোনা আতঙ্ক। এবার মুর্শিদাবাদ জেলা হাসপাতালে মৃত্যু হল জিনারুল হক নামে এক যুবকের। যদিও করোনার জেরেই তাঁর মৃত্যু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে, জিনারুল সদ্য সৌদি আরব থেকে ফিরেছিলেন এবং করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। সেটি এলেই বোঝা যাবে জিনারুল করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
অন্যদিকে, করোনার মোকাবিলায় রাজ্যজুড়ে জোর তৎপরতা শুরু হয়েছে। নবান্নের নির্দেশে ইতিমধ্যেই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলিতে ও পৃথক আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাপেলো, সিএমআরআই, আর এন টেগোর হাসপাতাল সহ কলকাতার নামজাদা হাসপাতালগুলিতে করোনার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউতে ভেন্টিলেশনের বন্দোবস্ত করা হয়েছে।
আবার, করোনা সংক্রমণ রুখতে বিমানবন্দর, বন্দর, রেলওয়ে স্টেশন সহ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এবছর বিশ্বভারতী, মায়াপুরে যেমন দোল উৎসব বাতিল করা হয়েছে, তেমনই দিঘার সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দোল উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মুর্শিদাবাদে মৃত্যু যুবকের, রাজ্যে বাড়ছে করোনা আতঙ্ক! কলকাতার হাসপাতালে বিশেষ ব্যবস্থা
আরও অন্যান্য খবর





