Yamaha RX100, এই বাইক সকলের কাছে এক নস্টালজিয়ার থেকে কম কিছু না। শক্তিশালী পিকআপ আর দারুণ পারফরম্যান্সের জন্য খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল এই বাইক। তবে ১৯৯৬ সালে এই Yamaha RX100 বাইক তৈরি করা বন্ধ করে দেয় সংস্থা। তবে অনেকেই এখনও সেই পুরনো বাইকই মডিফাই করে চালাচ্ছেন। এবার জানা যাচ্ছে, সেই Yamaha RX100 ফের নতুন রূপে আসছে বাজারে।
কবে ভারতে লঞ্চ হচ্ছে এই বাইক?
বিগত বেশ কয়েকদিন ধরেই বাজারে জল্পনা চলছে ভারতে শীঘ্রই লঞ্চ হবে এই আইকনিক মোটরসাইকেল। Yamaha বিশ্বাস করে, তাদের RX 100 বাইকের একটা বড় ফ্যানবেস আছে ভারতে। আর সেই কারণেই বাইকটির পরবর্তী জেনারেশনের মডেল নিয়ে কাজ করতে লেগেছে Yamaha। যদিও কবে নাগাদ এই বাইকটি ভারতে লঞ্চ করা হতে পারে, সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও কোম্পানির তরফে দেওয়া হয়নি। Yamaha RX 100 যে ভারতে আসছে, তাই এখন সবথেকে বড় খবর।
কী কী ফিচার্স থাকছে এই বাইকে?
এই Yamaha RX 100 বাইক এবার বাজারে আসছে ২০০ সিসি ইঞ্জিনের সঙ্গে। কারণ এই মুহূর্তে ভারতে ২ স্ট্রোক ইঞ্জিনের বাইক উৎপাদন বন্ধ, তাই ৪ স্ট্রোক ইঞ্জিন সমেত বাইকই লঞ্চ করতে হবে ইয়ামাহাকে।
আর ৪ স্ট্রোক ইঞ্জিন করতে হলে বৃদ্ধি করতে হবে ইঞ্জিনের ক্ষমতা। এর পাশাপাশি বিএস৬ ইঞ্জিনের সঙ্গেই মোটরসাইকেলটি লঞ্চ হতে পারে। ২০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন নিয়েও বাজারে প্রবেশ করতে পারে Yamaha RX। তবে এ ক্ষেত্রে মোটরবাইকের নামে বদল দেখা যেতে পারে।
এই Yamaha RX100 বাইকের বৈশিষ্ট্য হল এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন, যা ১১ পিএস শক্তি এবং ১০.৩৯ এনএম টর্ক তৈরি করে। বাইকের দু চাকাতেই রয়েছে ড্রাম এবং ১০ লিটারের ফুয়েল ক্যাপাসিটি। দারুণ মাইলেজ, পারফরম্যান্স এবং বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত এই বাইক। তবে মোটরসাইকেলের সেই পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনা একটি বড় পরীক্ষা হবে সংস্থার কাছে।
কী জানাচ্ছে সংস্থা?
Yamaha RX 100-এর নবরূপে আগমন সম্পর্কে ইয়ামাহা ইন্ডিয়ার চেয়ারম্যান ইশিন চিহানা বলেন, “Yamaha RX100 ভারতের জন্য একটি বিশেষ মডেল ছিল। বাইকের স্টাইলিং, হালকা ওজন, শক্তি এবং যে শব্দ বাইকটি তৈরি করে, তা অনেকেরই মন জিতে নিয়েছিল। এখন আমরা জনপ্রিয় সেই বাইকের একটা নতুন প্রজন্ম তৈরি করতে গেলে তার ইঞ্জিন অন্তত ২০০ সিসি করতে হবে। তাতেও যে শব্দটা আগের মতোই হবে, এমন কোনও নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই”।





