‘দারুণ কাজ করেছে, ওরা সত্যিই দক্ষ’, রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায়, কী এমন হল হঠাৎ?

নানান সময় একাধিকবার বাংলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই বারংবার পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাঁর কটাক্ষ থেকে ছাড় পায়নি। তবে এবার বাংলার পুলিশেরই ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কী এমন হল হঠাৎ?

গতকাল, শুক্রবার আদিবাসী সংগঠনের মিছিলের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার একাংশ। হাওড়া ব্রিজ থেকে সেই মিছিল রানি রাসমনি রোডের দিকে অগ্রসর হওয়ায় মধ্য কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। এদিন এই যানজটের মধ্যে আটকা পড়ে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। তবে কলকাতা ট্র্যাফিক পুলিশের কারণেই সঠিক সময়ে সেই যানজট থেকে উদ্ধার পান তিনি।

এদিন এজলাসে নিজেই সেকথা স্বীকার করে বিচারপতি বলেন, “শুক্রবার কলকাতা পুলিসের ট্রাফিক কন্ট্রোল ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে। আমার গাড়ি অন্য রাস্তা দিয়ে আজ দক্ষতার সঙ্গে পার করেছে। তা না হলে সময়ে এজলাসে পৌঁছতে পারতাম না”।

পুলিশের প্রশংসা করে বিচারপতি বলেন, “অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্য তথা কলকাতা পুলিশ অনেক দক্ষ। সীমাবদ্ধতার মধ্যে কলকাতা ট্রাফিক যেভাবে কাজ করে দুর্দান্ত। তুষার তালুকদার সিপি থাকার সময় থেকেই ভালো কাজ করে। জানি না সংবাদমাধ্যমে এই খবর আসবে কী না”।

হঠাৎ এই সংবাদমাধ্যমের কথা কেন তুললেন বিচারপতি?

ওয়াকিবহাল মহলের মতে, বিচারপতি গঙ্গোপাধ্যায় পুলিশকে ভর্ৎসনা করলে তা সংবাদমাধ্যমের হেডলাইন হয়ে যায়। তাহলে তিনি পুলিশের প্রশংসা করলে সেটাই বা কেন খবর হবে না, বিচারপতি আসলে এটাই বোঝাতে চেয়েছেন। কোনও ভুল দেখলে বিচারপতি যেমন হুঁশিয়ারি দেন, তেমনই আবার ভালো কাজের জন্য দরাজ সার্টিফিকেটও যে মেলে তাঁর কাছে, এই ঘটনাই তার প্রমাণ।

RELATED Articles