লটারিতে জিতেছেন এক কোটি, কিন্তু জেতা লটারির টিকিটই আটকে রেখেছে পুলিশ, বিস্ফোরক অভিযোগ আনলেন যুবক

লটারিতে দুটি পুরস্কার জিতেছিলেন তিনি। একটি পুরস্কার ১ কোটি টাকার আর অন্যটি ২ লক্ষ টাকার। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা জিতেও টাকা হাতে পান নি যুবক। ২ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৮০ হাজার টাকা পেলেও, ১ কোটি টাকার কিছুই হাতে পান নি যুবক। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন যুবক।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার ঘুসুড়ির বাসিন্দা আলমগীর মণ্ডলের সঙ্গে। জানা গিয়েছে, আলমগীর পেশায় দর্জি। গত ২১ নভেম্বর ঘুসুড়ির জে এন মুখার্জি রোডের একটি লটারির দোকান থেকে অনলাইনে ১২০০ টাকায় একটি সিরিজের টিকিট কিনেছিলেন তিনি। পরে জানতে পারেন তার কেনা টিকিটে দুটি পুরস্কার জিতেছেন তিনি। আলমগীরের দাবী, প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকা জিতেছেন তিনি।

কিন্তু সেই টাকা হাতে পেতে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে ওই যুবককে। আলমগীরের অভিযোগ, লটারি বিক্রেতা তাঁকে ২ লক্ষ টাকার জেতা লটারির জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা দিলেও ১ কোটির লটারি তিনি জেতেননি বলে দাবী করেছেন। এ নিয়ে লটারির দোকানের মালিক সঙ্গে তুমুল বচসাও হয়। সেই খবর যায় পুলিশে।  দু’জনকেই থানায় ডাকে পুলিশ। আলমগীরের অভিযোগ, থানাতেও তাঁর উপর জুলুমবাজি করেছে পুলিশ। 

আলমগীর জানান, পুলিশ তাঁকে তাঁর এক কোটি টাকা জেতার লটারির টিকিট হাতে দিচ্ছে না। তাঁর অভিযোগ, পুলিশ তাঁর থেকে ৩০ লক্ষ টাকা চেয়েছে। সেই টাকা দিলে তবেই কোটি টাকার লটারি মিলবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। মালিপাঁচঘড়া থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

এই বিষয়ে আলমগীর মণ্ডল বলছেন, “পুলিশ যে এরকম করবে ভাবতে পারিনি। পুলিশ বলছে ৩০ লক্ষ টাকা দিয়ে টিকিট নিয়ে যাও। ৩০ লক্ষ টাকা ক্যাশ আমি কোথায় পাব? আমি বলেছি এদিক-সেদিক থেকে আমি তিন লাখ টাকা ব্যবস্থা করতে পারব। কিন্তু ওরা মানেনি। তাড়িয়ে দিয়েছে। তারপরই আমি উকিলবাবুকে নিয়ে গিয়েছি। শুনেছি কোম্পানির লোকজন প্লেনে করে বালিতে এসেছে। টিকিট কোথায় থাকবে না থাকবে ওরা জানে। আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে বলেছে”।

যুবক এই ঘটনাটি ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে জানিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২২ তারিখ রাতে পুলিশ ওই লটারি কোম্পানির মেন ডিলারের বালির অফিস থেকে এক কোটি টাকার টিকিট উদ্ধার করে। ওই টিকিটের দুজন দাবীদা রয়েছে বলে জানায় পুলিশ। তারা জানান, এই গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে তারা। তদন্ত শেষেই জানা যাবে ওই কোটি টাকার লটারির টিকিটের আসল দাবীদার কে।

আরও অন্যান্য খবর