তৃণমূল নেতার বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ, মামলার সাক্ষী খোদ তাঁর স্ত্রীই, ‘তদন্তের নামে প্রতারণা’, পুলিশকে ভর্ৎসনা আদালতের

যার বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে, সেই তৃণমূল নেতার স্ত্রীকেই মামলার সাক্ষী করল পুলিশ। পুলিশের এহেন তদন্তে বেশ অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি। পুলিশকে ভর্ৎসনা করে তাঁর মন্তব্য, “তদন্তের নামে প্রতারণা চলছে”।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসে। নদিয়ার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ওঠে ধ’র্ষ’ণের অভিযোগ। এই নিয়ে নির্যাতিতা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ তাতে কোনও আমলই দেয় নি বলে অভিযোগ।

অভিযুক্তের পরিবারের তরফে আবার পাল্টা নির্যাতিতার পরিবারের এক সদস্যের বিরুদ্ধে ধ’র্ষ’ণের মামলা দায়ের করা হয়। এরপর সুবিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওঠে এই মামলা।

আজ, শুক্রবার সেই মামলার শুনানি ছিল। এদিন বিচারপতি প্রশ্ন তোলেন, গত আগস্টে ধ’র্ষ’ণের মামলা দায়ের হওয়ার পর তিন মাস কেটে গিয়েছে। কিন্তু তাও কেন নির্যাতিতার পোশাক বাজেয়াপ্ত করা হল না। আর এরপরই বিচারপতি হতবাক হয়ে যান এটা শুনে যে এই মামলায় অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রীকেই সাক্ষী করেছে পুলিশ।  

পুলিশের এহেন ভূমিকায় উষ্মাপ্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতির পর্যবেক্ষণ, “এটা তদন্তের নামে প্রতারণা হচ্ছে”। বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানির দিন কেস ডায়েরি নিয়ে তদন্তকারী আধিকারিককে আদালতে সশরীরে উপস্থিত থাকতে হবে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৩ ডিসেম্বর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles