‘মোষ তাড়ানোর মতো লাঠিপেটা করে বিজেপিকে তাড়াব’, হুমকি নিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক

বঙ্গে শীত পড়তে শুরু করেছে সবে। তবে লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বঙ্গের রাজনীতিতে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। বছর গড়ালেই ভোট। সব রাজনৈতিক দলগুলির মধ্যেই এখন প্রস্তুতি তুঙ্গে। চলছে সভা, আক্রমণ, পাল্টা আক্রমণ। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। আর কটাক্ষ শানাতে গিয়েই নানান হুমকি দিয়ে বিপাকেও পড়ছেন নানান নেতারা। এই যেমন তৃণমূল বিধায়ক এক হুমকি দিয়ে এবার বিতর্কের মুখে পড়লেন।

একশো দিনের কাজের বকেয়া টাকা ও আবাসের টাকার দাবিতে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন তৃণমূল নেতারা। গতকাল, শুক্রবার বিকেলেও মালদা শহরে তৃণমূলের তরফে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এদিন কালো পোশাক পরে, থালা বাজিয়ে, মাথায় ডালা, হাতে কোদাল-বেলচা নিয়ে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। সেই মিছিল শেষের সভা থেকেই বঙ্গ বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী।

কী বললেন তৃণমূল বিধায়ক?

তৃণমূল বিধায়কের হুমকি, “রেডি আছি আমরা। যেভাবে কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে, সেই মোষকে লাঠি দিয়ে তাড়াতে হয়, সেভাবে লাঠিপেটা করে এখান থেকে বিশ্বাসঘাতক বঙ্গ বিজেপিকে তাড়াব আমরা”।

কী প্রতিক্রিয়া বিজেপির?

তৃণমূল নেতার এহেন মন্তব্যের পাল্টা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির মালদা জেলা সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় পাল্টা শানিয়ে বলেন, “রাজনীতির ময়দান হোক বা অন্যক্ষেত্রে, সব জায়গাতেই তৃণমূলের অপসংস্কৃতি মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। কে কাকে তাড়াবে, সেটা সামনের ভোটেই স্পষ্ট হয়ে যাবে। কুকথা বলা ও দুর্নীতি সবেতেই শিরোপা পেয়েছে তৃণমূল, এটা মানুষের কাছে ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে”।

RELATED Articles