রেললাইনে সংস্কারের সময় ঘটে গেল বিপত্তি। লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। শনিবার ভোর ৪টে নাগাদ কালনার রংপাড়া স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনাটি। মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে হতাহতের কোনও খবর নেই। ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন যাত্রীরা।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই রেললাইন সংস্কারের কাজ চলছে ব্যান্ডেল-কাটোয়া শাখায়। প্রতিদিন রাতেই আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলা হচ্ছে। গতকাল, শুক্রবার রাতেও বাঘনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রংপাড়া এলাকায় দুটি মালগাড়ি আপ এবং ডাউন লাইনে পাথর ফেলছিল। কিন্তু হঠাৎই শনিবার ভোর চারটে নাগাদ অফলাইনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
রেল আধিকারিকরা জানাচ্ছেন, গত কয়েকদিনের বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে গিয়েছে। সেই কারণেই এমন বিপত্তি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কাটোয়া ও নবদ্বীপের রেলকর্মীরা। এই ঘটনার জেরে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করে। পরিষেবায় এমন বিঘ্ন ঘটার জেরে বিপাকে পড়েন যাত্রীরা।
উল্লেখ্য, এই দু’দিন আগেই হাওড়ায় লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে যায় ডাউন বাগনান লোকালের বগি। জানা গিয়েছিল, ট্র্যাক বদল করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেনের গতি কম ছিল, ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।






