নিজেদের হকের চাকরি চাইতে গিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, গ্রেফতার ৬০ জন প্রার্থী, কী কী ধারায় অভিযুক্ত করা হল তাদের?

গতকাল, শুক্রবার হাজরা মোড়ে চাকরির দাবী তুলে আন্দোলন করছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এদিন পুলিশের নজর এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এর জেরে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাদের।  

পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। কালীঘাট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। গ্রেফতার করা হয় ৬০ জন চাকরিপ্রার্থীকে। গোটা রাত লালবাজার সেন্ট্রাল জেলের লকআপে কাটিয়েছেন তারা। জানা যাচ্ছে, আজ, শনিবার তাদের আদালতে পেশ করা হবে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।  

চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কী কী ধারা যুক্ত করা হল?

ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা: কোনও সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার অভিযোগ।

ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ধারা: স্বেচ্ছায় কোনও সরকারি কর্মচারীকে তাঁর সরকারি কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ।

ভারতীয় দণ্ডবিধির ১৪৩ ধারা: বেআইনি সমাবেশ ও সমাবেশের সদস্য থাকার অভিযোগ।

এছাড়াও, উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৯, ২৮৩, ১৮৮ ও ৩৪১ ধারাতেও মামলা রুজু করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, এই ধৃতরা যে যে এলাকার বাসিন্দা, সেই এলাকার থানাগুলিতেও গ্রেফতারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানাগুলিকে বলা হয়েছে যাতে ধৃতদের পরিবারকে গ্রেফতারি নিয়ে জানিয়ে দেওয়া হয়। আলিপুর সিজেএম আদালতে পেশ করা হবে ধৃত চাকরিপ্রার্থীদের। স্থানীয় থানাগুলিকে সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর