প্রজাতন্ত্র দিবসেই কী নাশকতার পরিকল্পনা? যদি তা হয়েও থাকে, তাহলে তা বানচাল করল পুলিশ। বীরভূমের রামপুরহাট থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বিস্ফোরক, বারুদের স্তূপ। বস্তা ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ।
এইন ঘটনায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, হস্তিকাঁদা এলাকায় এক পরিত্যক্ত ঘর থেকে প্রায় ৬ হাজার ৪০০ জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। কেন এই বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুত করা ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এটাই প্রথমবার নয়, এর আগেও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এই ঘটনাগুলির তদন্ত করছে।
এই ঘটনায় মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। নলহাটির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। স্থানীয় সূত্রে খবর, এই পাথর ব্যবসায়ী মনোজ সিং পঞ্চায়েত নির্বাচনের সময়ে তৃণমূলের টিকিটে লড়েছিলেন আর জিতেওছিলেন।
গত বছরের আগস্ট মাসেই রোজিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় ৬০ টি বাক্স। সেই বক্সের মধ্যে ছিল ১২ হাজার জিলেটিন স্টিক। বীরভূমকে এমনিতেই বারুদের স্তূপ বলা হয়। প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছেও সেটি উদ্বেগের বিষয়।
এর মধ্যেই এদিন এই জায়গায় কারা কী উদ্দেশ্যে জিলেটিন স্টিক জমা করছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাধারতন্ত্র দিবসের আগে জেলার প্রতিটি রেলস্টেশন ও রেলপথে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। তল্লাশির কাজে পুলিশ কুকুরও নামানো হয়েছে বলে খবর।





