করোনা পরিস্থিতিতে মহান উদ্যোগ অভিনেতা যিশু সেনগুপ্তের, করোনা আক্রান্তদের জন্য চালু করলেন ‘সেফ হোম’

এই অতিমারির মধ্যে সকলেই নিজের নিজের মতো করে সাহায্য করার চেষ্টা চালাচ্ছেন। কেউ আর্থিকভাবে সাহায্য করছেন তো কেউ আবার করোনা আক্রান্তদের নানান পরিষেবা দিয়ে। এই উদ্যোগ থেকে দূরে সরে থাকলেন না অভিনেতা যিশু সেনগুপ্তও। করোনা পরিস্থিতি মোকাবিলায় এক মহান উদ্যোগ নিলেন তিনি।

করোনা আক্রান্তদের জন্য যিশু সেনগুপ্ত তৈরি করে ফেললেন ‘সেফ হোম’। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকেই এই সেফ হোমে পরিষেবা পাবেন করোনা রোগীরা।

আরও পড়ুন- লকডাউন আইন ভেঙে রাস্তায় বসে ধর্না, গ্রেফতার বিজেপির তিন বিধায়ক 

দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণ কাড়ছে এই মারণ ভাইরাস। প্রাণরক্ষার লড়াই চালাচ্ছেন লক্ষ লক্ষ দেশবাসী। এই রাজ্যের ছবিটাও খুব একটা ভালোর দিকে নয়। হাসপাতালে বেড পাওয়ার সমস্যা থেকে অক্সিজেনের অভাবের অভিযোগ বারবার উঠে আসছে শিরোনামে।

এমন পরিস্থিতিতে অভিনেতা যিশুর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। লেক মার্কেট লাগোয়া বাণীচক্র স্কুলটিকেই করোনা আক্রান্তদের সেফ হোম করে তোলা হল তাঁর প্রচেষ্টায়। যেখানে থাকছে ঝাঁ চকচকে ২০টি বেড। সাতটি অক্সিজেন কনসেন্ট্রেটর। ২০টি অক্সিজেন সিলিন্ডারও। শুধু থাকা এবং চিকিৎসা পরিষেবাই নয়, এখানকার ক্যান্টিনে করোনা রোগীদের জন্য খাওয়ার ব্যবস্থাও রয়েছে।

যিশু জানান, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের সহায়তাতেই তাঁর পরিকল্পনা সফল হয়েছে। যিশুর কথায়, “এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই এরকম একটা প্ল্যান করছিলাম। কোভিড আক্রান্তদের যদি একটা নিরাপদ স্থানে রাখা যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তকেও কথাটা বলি। কিন্তু সেফ হোমের জন্য ভাল একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এরপর দেবাশিসদাকে ফোন করি। উনি বলেন, দু-একদিন সময় দাও। তারপরই বলে দেন, বাণীচক্র স্কুলটা ফাঁকা আছে। ওখানেই সেফ হোম হতে পারে। আমারই পুরনো পাড়া এটা”।

আরও পড়ুন- করোনার কড়া বিধিনিষেধের মধ্যে দরকারে বাইরে বেরোতে লাগবে ই-পাস, কীভাবে সংগ্রহ করবেন, দেখে নিন

এমন একটি উদ্যোগে সামিল হতে পেরে স্বভাবতই খুব খুশি যিশু। অন্যদিকে, বিধায়ক দেবাশিস কুমারের কথায়, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই অতিমারিকে তাড়াতে হবে। এখন এটাই সকলের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

আরও অন্যান্য খবর