সদ্যই মা হয়েছেন তিনি, সন্তানের ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সন্তানের মুখ দেখাননি তিনি। মা হওয়ার অভিজ্ঞতা ও তার সন্তান হওয়ার আগের দিন রাতের তার অনুভূতি, এসবই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। তাছাড়া, সন্তান হওয়ার আগে বেবি বাম্প নিয়ে ফটোশুট করে বেশ ভাইরালও তিনি নেট দুনিয়ায়।
এবার করভা চৌথ উপলক্ষ্যে নিজের লুক নিয়ে ফের একবার নিজের অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বিয়ের পর ও প্রথম মা হওয়ার পর এই তার প্রথম করভা চৌথ। নিষ্ঠা ভরে সারাদিন উপোস থেকে করভা চৌথের ব্রত পালন করলেন পূজা। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করলেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে লাল শাড়ি পরিহিত অবতারে। লাল শাড়ি পরে নতুন বউ সেজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন পূজা। হাতে চালনি, অন্য হাতে পুজোর থালা। কপালে টিকলি ও লাল শাড়ির ঘোমটা, সব মিলিয়ে অপূর্ব দেখাচ্ছিল তাকে। তার এই রূপকে খুব পছন্দ করেছেন তার ভক্তেরা। বহু প্রশংসা কুড়িয়েছেন তাদের থেকে। প্রথম বার করভা চৌথের ব্রত পালন করতে পেরে বেজায় খুশি অভিনেত্রী।
অন্য একটি ছবিতে পূজা জানান, তার জন্য তার স্বামী কুণালও উপোস করেছেন। সঙ্গে এও জানান যে, স্বামীকে ভীষণ মিস করছেন তিনি, তাকে তাড়াতাড়ি আসতেও বলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, হিন্দি টেলি অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল পূজার। ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা’ ধারাবাহিকের সময় থেকেই তাদের প্রেম পর্ব শুরু। এরপর দীর্ঘ ৯ বছরের বেশী সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। ২০১৭ সালে বাগদানও সেরে ফেলেন এই সেলেব জুটি। এরপর গত বছর দুর্গাপুজোর দশমীতে পূজাকে সিঁদুর মাথায় অবস্থায় সিঁদুর খেলতে দেখা যায়। এরপরই অভিনেত্রী জানান যে তিনি আর কুণাল বিয়ে করেছেন। এই বছর বড় অনুষ্ঠান করে সামাজিক বিয়ে করার কথা ছিল তাদের কিন্তু লকডাউনের কারণে তাও ভেস্তে যায়। কিন্তু নতুন সন্তানকে নিয়ে এখন সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন পূজা ও কুণাল।





