ফের টেলিভিশন রিয়্যালিটি শো নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি, ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে ‘কিশোর কুমার স্পেশ্যাল’ নিয়ে একটি পর্ব আয়োজিত হয়। এদিনের এই পর্বে উপস্থিত ছিলেন কিশোর-পুত্র অমিত কুমার। এই পর্বে প্রতিযোগীরা কিংবদন্তী শিল্পীর গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান। বিচারকের আসনে থাকা নেহা কক্কর, হিমেশ রেশমিয়ারাও কিশোর কুমারের গান করেন।
কিন্তু গোল বাঁধে অন্য জায়গায়। অমিত কুমারকে দেখা যায় বেসুরো গানেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করছেন। এতেই রুষ্ট হন কিশোর কুমারের ভক্তরা। প্রতিযোগীদের পাশাপাশি বিচারকদের গানও খুবই সমালোচিত হয়। নেটিজেনদের মত, কিশোর কুমারের গান নিয়ে এভাবে ছেলেখেলা করা একেবারেই উচিত হয়নি। উপরন্তু যে অনুষ্ঠানে কিশোর-পুত্র অমিত কুমার উপস্থিত, সেখানে তো এই ধরণের বিষয় একেবারেই গ্রহণযোগ্য নয় বলে দাবী দর্শকের।
আরও পড়ুন- আগন্তুকের সঙ্গে রক্তের সম্পর্ক পটকার! ‘খড়কুটো’র নতুন অতিথি আসলে কে? বাড়ছে রহস্য
সূত্রের খবর অনুযায়ী, এই গোটা বিষয়টি অমিত কুমারেরও পছন্দ ছিল না। তাঁর মতে, কিশোর কুমারের গান গাওয়া এত সহজ নয়। প্রতিযোগীদের তবু তিনি বিষয়টা বোঝেন বলে জানিয়েছেন অমিত কুমার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, এই পুরো বিষয়টাই স্ক্রিপ্টেড ছিল। তাঁকে শো-য়ের পরিচালক বলেছিলেন, কে কীভাবে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই বিষয়ে মন্তব্য করতে হবে। মূলত, তাঁদের উৎসাহ দিতে হবে।
অমিত কুমারকে নাকি এও বলা হয়েছিল সব প্রতিযোগীর প্রশংসা করতে। কারণ, তাঁরা প্রত্যেকেই কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে গান করছেন। অমিত কুমার বলেন, “কেউই কিশোর কুমারের মতো গাইতে পারবে না। আজকাল ছেলেমেয়েরা শুধু তাঁর রূপ তেরা মস্তানা জানে। আমাকে সকলের প্রশংসা করতে বলা হয়েছিল, আমি করেছি। আমি ওদের (নেহা ও হিমেশ) জন্যও আমার অংশের স্ক্রিপ্টটাও দিতে বলেছিলাম, ওরা সেটা দেয়নি”।
তাহলে এমন একটা অনুষ্ঠানে তিনি অতিথি হয়ে অংশ নিলেন কেন? অমিত কুমারের মতে, “টাকা সকলেরই প্রয়োজন। আমি যত টাকা চেয়েছিলাম, ওরা আমাকে তাই দিয়েছে। আমি তাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম”। কিশোর কুমার স্পেশাল পর্বটি সম্প্রচারের পর আত্মীয়দের কাছেও তাঁকে অনেক সমালোচনা শুনতে হয়েছে বলে জানান অমিত কুমার।






