সত্যিই অদম্য মনের জোর! শরীরকে কাবু করেছে করোনা। কিন্তু মন? সেটাকে তো সহজে দমানো সম্ভব নয়। সেই মনের জোর নিয়েই শ্বাসকষ্টের মধ্যেও যুদ্ধ করে চলেছেন বৃদ্ধা। চলছে বাইপ্যাপ অক্সিজেন সাপোর্ট। এর মধ্যেই হাসপাতালের বেডে বসেই গরবা নাচছেন বছর ৯৫-এর বৃদ্ধা।
শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়েও বৃদ্ধার এই মনোবল সকলকে তাক লাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার এই ভিডিও পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। মুহূর্তে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনরা প্রশংসা করেছেন নব্বই ঊর্ধ্ব এই বৃদ্ধার মনের জোরকে।
আরও পড়ুন- এবার শিশুদের ওপর হবে কো-ভ্যাক্সিনের চূড়ান্ত ট্রায়াল, অনুমোদন দেওয়া হল বিশেষজ্ঞ দলের তরফে
দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। চারিদিকে চলছে হাসপাতালের বেডের জন্য হাহাকার। অক্সিজেনের অভাবে প্রতিদিনই মৃত্যু ঘটছে একাধিক করোনা রোগীর। এতই এত খারাপের মধ্যেও ছোটো ছোটো নানাম ঘটনা করোনা যুদ্ধে উৎসাহ দিচ্ছে দেশবাসীকে।
এরই মধ্যে রয়েছে গুজরাটের রাজকোটের এই বৃদ্ধার ভিডিও। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে তাঁর এই অফুরান জীবনীশক্তি মনবল বাড়াচ্ছে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। কম বয়সেই প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে যখন আইসিইউ-তে ভর্তি হচ্ছেন একের পর এক করোনা রোগী। তখন ৯৫ বছরের বৃদ্ধা সকলকে দেখিয়ে দিয়েছেন কীভাবে করোনাকে ভয় না পেয়ে বাঁচার তাগিদটুকু জিইয়ে রাখতে হয়। সকলেই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা।
এদিকে, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪২০৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে।
আরও পড়ুন- করোনা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের! এবার সমস্ত হাসপাতালেই ‘র্যাট’ পদ্ধতিতে হবে করোনা পরীক্ষা
তবে ভারতে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী কী না, এনিয়ে দ্বিমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। একদল চিকিৎসক মনে করছেন, সংক্রমণ শীর্ষ পর্যায়ে পৌঁছতে এখনও ছোঁয়া বাকি। আবার অন্যদিকে, কিছু বিশেষজ্ঞ মনে করছেন সংক্রমণ শীর্ষে পৌঁছে এবার তা ধীরে ধীরে নামতে শুরু করেছে।





