বোম্বে হাইকোর্টে ফের ধাক্কা খেলেন রিয়া চক্রবর্তী। মঙ্গলবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল অভিনেত্রীর এবং তার জামিনের শুনানি স্থগিত রাখা হল ফলে নির্দেশ মত আগামী ৬ই অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে রিয়াকে।
টানা তিনদিন জিজ্ঞাসাবাদ করার পর গত ৮ই সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল এনসিবি। গ্রেফতারের পর এতদিন পর্যন্ত বাইকুল্লা জেলে বন্দী ছিলেন রিয়া। কিছুদিন পরেই রিয়ার জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে। মঙ্গলবার রিয়ার জামিনের শুনানি শুরু হওয়ার আগেই তার বিরোধিতা করে এফিডেভিট জমা দিয়েছিলেন এনসিবি। এই এফিডেভিটে রিয়াকে হাই সোসাইটির ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসাবে বর্ণনা করা হয় এবং তার জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিন প্রমাণ দেওয়া হয়। এনসিবির বক্তব্য, সুশান্ত সিং রাজপুত মাদকাসক্ত জেনেও তাকে মাদক খাওয়াতেন রিয়া এবং মাদক স্টক করেও রাখতেন। এই কাজ অত্যন্ত অন্যায়।
অন্যদিকে রিয়ার পক্ষ নিয়ে সতীশ মানশিন্ডে জানান রিয়া সুশান্তের সঙ্গে লিভ-ইন করার আগে থেকেই সুশান্তের মানসিক সমস্যা ছিল। সুশান্ত রিয়াকে চেনার আগে থেকেই মাদকদ্রব্য সেবন করতেন দাবি করেছেন সতীশ এবং তার দাবির সপক্ষে তিনি সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরের বক্তব্য তুলে ধরেছেন।তার আরও দাবি সুশান্ত যদি আজ বেঁচে থাকতেন তবে তো সুশান্তও মাদক আইনে ধরা পড়তেন। যদিও তাতে কোনো লাভ হয়নি, বোম্বে হাইকোর্ট রিয়াকে জেলে রাখার নির্দেশ দিয়েছে।





