গান্ধী জয়ন্তীতে গান্ধী হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ‘নাথুরাম গডসে’কে নিয়ে ছবির ঘোষণা, জন্মদিনে ‘ভয়ঙ্কর শ্রদ্ধার্ঘ্য’ পরিচালক মহেশ মঞ্জরেকরের!

গতকাল ছিল ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে সকলেই নিজের নিজের মতন করে স্মরণ করেছেন গান্ধীজিকে। তারকা হোক বা সাধারণ মানুষ সকলেই তাঁকে উদ্দেশ্য করে, কিছু কথা পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এদিকে এদিন গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পরিচালক মহেশ মঞ্জরেকর নিজের নতুন ছবির ঘোষণা করলেন।

প্রসঙ্গত এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষে পরিচালক মহেশ মঞ্জরেকর জানিয়েছেন, তাঁর আপকামিং ছবি নাথুরাম গডসের জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে। গান্ধী জয়ন্তীর দিন গান্ধী হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত নাথুরাম গডসেকে নিয়ে ছবি তৈরির কথা জানালেন পরিচালক। একটি দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পরিচালক নিজেই।

জানা গিয়েছে সন্দীপ সিং, রাজ শান্দিল্যা ও মহেশ মঞ্জরেকর যুগ্ম প্রচেষ্টায় তৈরি হবে এই ছবি। এই মুহূর্তে ছবির কাজ তেমনভাবে এগোয়নি। কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতে একটি টিজার শেয়ার করেছেন পরিচালক। তাতে তিনি যা লিখেছেন তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘সর্বকালের সবথেকে মারাত্মক জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে ভয়ঙ্কর শ্রদ্ধার্ঘ্য! এমন কাহিনী আগে কেউ বলার সাহস করেনি। সাক্ষী থাকুন এই গল্পের। সন্দীপ সিং, রাজ শান্দিল্যা ও মহেশ মঞ্জরেকর গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকীতে একটি চলচ্চিত্রের কথা ঘোষণা করছে। যার নাম “গডসে”।’

এরইসঙ্গে মহেশ মঞ্জরেকর আরও লেখেন, “নাথুরাম গডসের গল্প সর্বদাই আমাদের মনের খুব কাছাকাছি ছিল। এই ধরনের একটি চলচ্চিত্র তৈরি করতে অনেক সাহসের প্রয়োজন। আমি সর্বদা কঠিন বিষয়ে আপোষহীন গল্প বলায় বিশ্বাস করে থাকি। নাথুরাম গডসে সম্পর্কে এখনও মানুষ অতটা জানেন না। এটাই জানেন যে, লোকটি গান্ধীজিকে লক্ষ্য করে গুলি চালিয়ে ছিলেন। কিন্তু কে ঠিক আর কে ভুল তা সেটা পরে বোঝা যাবে। কারোর তাঁবেদারি তাঁরা করতে চান না। কারোর বিরুদ্ধে কথা বলতে চান না। তাই পরে ছবি দেখে দর্শক বলবে কে ঠিক ছিল, আর কে ভুল!”

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Manjrekar (@maheshmanjrekar)

এই ছবির প্রযোজনা করবে ‘লিজেন্ড গ্লোবাল স্টুডিও’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে মঞ্জকরের তৃতীয় ছবি। এর আগে বীর সাভারকার ও হোয়াইট নামে দুটি ছবি তৈরি করেছিলেন। অন্যদিকে নাথুরাম গডসের এই ছবি নিয়ে শান্দিল্যা বলেছেন, “সাম্প্রতিককালে মানুষের আগ্রহ তৈরি হয়েছে নাথুরাম গডসেকে নিয়ে। তাই মনে হয়েছে এটাই উপযুক্ত সময় গডসেকে নিয়ে ছবি করার। এটি এমন একটি প্রকল্প, যা নিয়ে পরবর্তীকালে ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা গর্ববোধ করতে পারেন।”

এই মুহূর্তে কাজ চলছে স্ক্রিপ্টে। এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত করা হয়নি। আশা করা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের মাঝামাঝি সময়েই ছবির শুটিং শুরু করে দেওয়া যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles