‘অক্সিজেন নয়, ভারতের এখন ধর্মের প্রয়োজন’, বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে কঙ্গনা

কঙ্গনা রানওয়াত ও বিতর্ক যেন এক অন্যের পরিপূরক। দুজন দুজনের পিছুই ছাড়ে না। অভিনেত্রী যে কোনও বিষয়ে কথা বললেই যেন তা নতুন বিতর্কের জন্ম দেয়। ফের একটি নতুন বিতর্কে জড়ালেন কঙ্গনা।

আজ, শনিবার খবর আসে অভিনেত্রী কঙ্গনা রানওয়াত করোনা আক্রান্ত। একদিকে যখন দেশের হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রত্যেকদিন মারা যাচ্ছেন, ঠিক সেই সময় একটি পোস্টে কঙ্গনা একটি বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন।

আরও পড়ুন- মুকুল থাকছেন বিজেপিতেই! ‘খবর ২৪x৭’-এর খববের সত্যতা প্রমাণিত

আসলে কী হয়েছিল? দিল্লিতে অক্সিজেন নিয়ে অব্যবস্থা এবং কারচুপির অভিযোগ করে একটি খবর পোস্ট করা হয়। সেখানে কঙ্গনা লেখেন, “ভারতে বেশি অক্সিজেনের প্রয়োজন নেই। এখন প্রয়োজন ধর্মের, ভগবানকে ভয় করার প্রয়োজন রয়েছে। এ সব শকুনদের লজ্জা হওয়া উচিত”। এর পাশাপাশি অন্য একটি পোস্টে তিনি মন্তব্য করেন, “এই দেশে এত চোর রয়েছে। অক্সিজেন নয় কিছুটা সততা এবং মানবিকতার প্রয়োজন মানুষের”।

উল্লেখ্য, আজই নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান কঙ্গনা। সেখানেও এক বিতর্কিত মন্তব্য করেন তিনি। করোনাকে একটি সাধারণ ফ্লু বলে আখ্যা দেন অভিনেত্রী। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে দোষারোপ করেন তিনি। তাঁর মতে, করোনার এই বাড়বাড়ন্ত ও মানুষের মনে ভীতির সঞ্চয় করছে সংবাদমাধ্যম।

যদিও, এই করোনার কারণেই অক্সিজেনের অভাবে, ওষুধ, স্বাস্থ্য পরিকাঠামোর কারণে নিত্যদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। কিন্তু এই সমস্ত যুক্তি শুনতে নারাজ কঙ্গনা। এর আগে অক্সিজেন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ট্রোলও হয়েছিলেন তিনি। বলে রাখি, চলতি সপ্তাহের শুরুতেই বিতর্কিত মন্তব্য করার জন্য ও টুইটারের নিয়ম লঙ্ঘন করার জন্য কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

আরও অন্যান্য খবর