ডায়ালিসিসের টাকা দেবেন আশ্বাস দেওয়ার পরও ফোন ধরতেন না আমির, অভিযোগ মৃত অনুপম শ্যামের পরিবারের

গত রবিবার মৃত্যু হয়েছে বর্ষীয়ান বলি অভিনেতা অনুপম শ্যামের। ছোটো পর্দায় ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ ধারাবাহিকে সজ্জন সিং-এর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর এই চরিত্র তাঁকে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে।

গত বছর থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু গত রবিবার মাল্টি অর্গান ফেলিওর অর্থাৎ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার।

উল্লেখ্য, গত বছর থেকেই কিডনির গুরুতর সমস্যা শুরু হয় অনুপম শ্যামের। এর জেরে বিপুল পরিমাণ অর্থ খরচ হয় অভিনেতার। চিকিৎসার জেরে জমানো সমস্ত অর্থ ধীরে ধীরে শেষ হয়ে থাকে তাঁর। এরপর আর কোনও উপায় না দেখে বলিউডের কাছে সাহায্য ভিক্ষা করেন অভিনেতা।

সাড়া দিয়েছিল ইন্ডাস্ট্রি। অনেকেই সাহায্য করেন। তবে এই প্রসঙ্গে অভিনেতার ভাই অনুরাগ শ্যামের দাবী, তাঁর দাদ্র চিকিৎসার জন্য টাকা দেবেন এমন কথা দিয়েও শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমির খান। একাধিকবার ফোন করলেও ফোন ধরতেন না আমির। বলে রাখি, আমির খানের সঙ্গে ‘লগান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুপম শ্যাম।

অনুরাগের কথায়, “গত বছর উত্তর প্রদেশে একটি ছোট্ট মফঃস্বল প্রতাপগড়ে যখন তাঁদের মা অসুস্থ হয়ে পড়েছিলেন সেই খবর শুনে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন দাদা। মায়ের অসুস্থতা সত্ত্বেও তিনি সেখানে যেতে পারছিলেন না। এর একমাত্র কারণ ওই অঞ্চলে কোনও ডায়ালিলিস সেন্টার ছিল না। অথচ কিডনির সমস্যায় জেরবার অনুপমের সপ্তাহে একাধিকবার ডায়ালিসিস করাতেই হতো। উপায় না দেখে বিভিন্ন জায়গায় তদ্বির করার পাশাপাশি তিনি আমির খানের কাছেও এই মুশকিলের কোনও সুরাহা করার আর্জি জানান দাদা। আশ্বাস দিয়েছিলেন আমির। তবে এর কয়েক মাস পর থেকে ফোন তোলাই বন্ধ করে দিলেন আমির। হাজার ফোন করলেও আর তুলতেন না। এই ব্যাপারটায় ভারি কষ্ট পেয়েছিলেন দাদা”।

RELATED Articles