জি বাংলার ‘সা রে গা মা পা’-র বিচার স্বচ্ছতার সঙ্গে হয়নি। টাকা দিয়ে নাকি জিত হাসিল করেছেন অর্কদীপ, এমন অভিযোগই তুলেছেন দর্শকেরা। বিচারকরা টাকা খেয়ে তাঁকে জিতিয়েছে, দাবী তাদের। রাগের চোটে বিচারকদের খারাপ, বজ্জাত, চোর, আরও নানান তকমা দিয়ে কটাক্ষ করেছেন দর্শকেরা।
দর্শকের কটাক্ষের জবাব দিয়েছেন লোপামুদ্রা মিত্রও। শিল্পী তথা সা রে গা মা পা-র বিচারক জয় সরকারকেও কটাক্ষের শিকার হতে হয়েছে। এই বিষয়ে লোপামুদ্রার সাফ জবাব, “গত ২০ বছর আমি জয় সরকারের মতো একজন আদ্যোপান্ত গানবাজনা প্রেমিক মানুষের সঙ্গে থাকি। তাঁকে চিনি হাড়ে-মজ্জায়”। জয়ের বিরুদ্ধে ‘টাকা খাওয়ার অভিযোগ’ নস্যাৎ করেছেন তিনি। জয়কে সমর্থন করার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন অর্কদীপেরও, “ছেলেটির কি দোষ? ওর উপর কতটা মানসিক চাপ পড়ছে, ওর যন্ত্রণা এক বারও ভেবে দেখছেন? প্রথম হয়ে সে যেন ফাঁসির আসামী! জেতাটাকে উপভোগ করতে পারছে না বেচারা”।
আরও পড়ুন- ‘ফেঁসে গেছি’! বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই তৃণাকে নিয়ে নাজেহাল নীল
একই সঙ্গে লোপামুদ্রার কটাক্ষ, “পরের সিজন শুরু হলে এ বছরের প্রতিযোগীদের ভুলে যাবেন আপনারা। প্রথম, দ্বিতীয় কে কোন বছরে, কেউ মনে রাখবেন না। এক বছর চড়া আলোর কেন্দ্রবিন্দুতে থাকার পর এক অদ্ভুত ইঁদুরদৌড়ে নেমে পড়বে ওরা”। শিল্পীর আফসোস, সে দৌড়ে ওরা একা। সেই লড়াই ওদের একার। সে লড়াই ওদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। বেঁচে থাকার লড়াই। সে দিন আর ওদের পাশে কেউ নেই।
এমনকি এই বিষয়ে লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন ইমন চক্রবর্তীও। তাঁর দাবি, “আজ নীহারিকা প্রথম হলে তখনও যে অভিযোগ থেমে যেত, তা নয়। তখন বলা হত, অর্কদীপ কেন প্রথম হল না? ও তো বাংলা গান গেয়েছিল? তা হলে বাংলা গান শোনানো হচ্ছে না বাংলা চ্যানেলে! আপনাদের এই অভিযোগ চলতেই থাকবে। আপনাদের সব বিষয়েই এত বক্তব্য কেন”? জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর পরামর্শ, সবাই শো-টি দেখছেন। ভালওবাসছেন। তাহলে সকলের উচিত মন থেকে প্রতিযোগীদের আশীর্বাদ করা।
আরও পড়ুন- অর্কদীপকে ‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন করতে টাকা খাইয়েছে ইমন, লাইভে এসে মোক্ষম জবাব দিলেন গায়িকা
শুধু তাই-ই নয়, কটাক্ষের শিকার হতে হয়েছে খোদ অর্কদীপকেও। সমালোচনা করতে গিয়ে অনেকেই তাঁর ব্যক্তিগত পরিসরেও ঢুকে গিয়েছেন। আক্রমণ করা হয় তাঁর মা-বাবাকেও। দর্শকের দাবী, অর্কদীপ নাকি তাঁর ঘরানা থেকে বেরননি। তিনি শুধু লোকগানই গেয়েছেন। কিন্তু নীহারিকা সব ধরণের গান গেয়েও কেন সে বিজয়ী হল না।
এর জবাবে অর্কদীপ বললেন, “শো বলছে, আমি কিশোর কুমার, শ্যামল মিত্র, শাহরুখ খান-সহ হিন্দি, বাংলা বহু ছবির গান গেয়েছি। প্রত্যেক শিল্পীরই নিজস্ব পছন্দ থাকে। আমার পছন্দ লোকগান। তার মানে এটা নয়, আমি অন্য গান জানি না”।





