ডাঁহা মিথ্যে! কোনও বয়স্ককে বাঁচাতে নয়, সাইকেল আরোহীকে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হন নোবেল, দাবী প্রত্যক্ষদর্শীর

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘সা রে গা মা পা’-র বিখ্যাত বাংলাদেশি গায়ক নোবেল। মাথায় ১২টা ও ভ্রু-তে ১৮টা সেলাই-সহ মোট ৩০টা সেলাই পড়েছে তাঁর, নিজেই একথা জানিয়েছিলেন গায়ক। একটা চোখে ব্যান্ডেজ, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নোবেল জানান যে, গত বৃহস্পতিবার এক বৃদ্ধ আচমকাই তাঁর বাইকের সামনে এসে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে তাঁর।

ফেসবুকে নোবেল লেখেন, “এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে”। নোবেলের রক্তাক্ত মুখের ছবি ভাইরাল হতেই তাঁর বয়ান নিয়ে আপত্তি জানান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন- ‘সা রে গা মা পা’-র চ্যাম্পিয়ন অর্কদীপকে নিয়ে বিতর্ক তুঙ্গে, এবার মুখ খুললেন প্রতিযোগী সমদীপ্তা

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শোয়াইব বিন আহসান নামে এক প্রত্যক্ষদর্শী নিজের ফেসবুক পোস্টে লেখেন, “রং সাইডে বাইক চালিয়ে সাইকেল আরোহী রোজাদারের ওপর দিয়ে এভাবেই বাইকটা চালাইয়া দিলা। যেখানে লোকটা সারাদিন পানাহারের পর ইফতার করে তার ক্ষুধা নিবারণের কথা, সেখানে লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আর তুমি একজন রোজাদারকে মৃত্যুর পথযাত্রী বানাইয়া আরেকজন বৃদ্ধকে জীবনদানের গল্প শুনাও! কী সুন্দর মিথ্যাচার করে আবার আল্লাহর শুকরিয়া আদায় করছে”!

সেই প্রত্যক্ষদর্শী সরাসরি অভিযোগের আঙুল তোলেন নোবেলের গাফিলতির দিকেই। ভুল দিক দিয়ে বাইক চালাচ্ছিলেন নোবেল এবং তিনিই সাইকেল আরোহীকে ধাক্কা মারেন, এমনটাই দাবী শোয়াইবের। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের দাবী, নোবেলর বাইকের সামনে পড়ে গিয়ে কোনও বৃদ্ধ নয়, বরং আহত হয়েছেন বছর ২৫-৩০-এর এক যুবক।

অপর এক প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম আমিন দুর্ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে তুলে ধরেছেন। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাইকেল আরোহী আসলে একজন তরুণ।

আরও পড়ুন- ‘রাধে’ নয়, বলুন ‘গাধে’! সলমনের নতুন ছবি বয়কটের ডাক, সোশ্যাল মিডিয়ায় একজোট সুশান্ত অনুরাগীরা

প্রত্যক্ষদর্শী বাংলাদেশের এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, “রাস্তার উল্টো দিক দিয়ে হঠাৎ তুমুল গতিতে আসা নোবেলের লাল বাইকের ধাক্কায় রক্তাক্ত হয়েছে ওই তরুণ। তাঁর সাইকেল ভেঙেছে, ইফতারের জন্য সঙ্গে থাকা কলা-মুড়ি-খেজুর-ছোলা নষ্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গুলশান আজাদ মসজিদের পাশের গলিতে, ইফতারের কয়েক মিনিট আগে”। তাঁদের দাবী, স্থানীয় এক বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। সেটির ফুটেজ সহজেই নোবেলের মিথ্যাচার ফাঁস করে দেবে। তবে এই অভিযোগ নিয়ে নোবেল এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেননি।

RELATED Articles