শুধু এক অভিনেতা নন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক জীবন্ত অধ্যায় তিনি। ৯৬ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা নির্মলকুমার বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায়, পরিবারের সিদ্ধান্তে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। ঠিক কী হয়েছে সাদা-কালোর সেই প্রিয় অভিনেতার? জানতে এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তাঁর মেয়ের সঙ্গে। বাবার শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, “বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল। তার জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন অবস্থা খানিকটা স্থিতিশীল। আসলে এই বয়সে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়। যদিও বাবার সুগারের সমস্যা নেই। তাই চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। অনেকটা বয়স হয়ে গিয়েছে। তাই সারতে সময় লাগবে। তাই কবে হাসপাতাল থেকে বাবাকে ছাড়বেন, এখনই বলতে পারছেন না।”
একটু আশার আলো মিলেছে মেয়ের এই কথায়। তবে দীর্ঘ জীবনের ক্লান্তি আর বয়সের ভার নিয়ে এই লড়াই সহজ নয়। নির্মলকুমারের সুস্থতার কামনায় সকলে এখন প্রার্থনায় ব্যস্ত।
অন্যদিকে, বয়স যেন শুধুই এক সংখ্যা — তা যেন আরও একবার প্রমাণ করে চলেছেন তাঁর জীবনসঙ্গিনী, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। পর্দার ‘চারুলতা’ এখন ছোটপর্দায় ফিরেছেন নতুন এক রূপে। স্টার জলসার ধারাবাহিক ‘রোশনাই’-এ ‘আরণ্যকের ঠাম্মি’ চরিত্রে তাঁকে দেখে আবেগে ভাসছে দর্শকমহল।
আরও পড়ুনঃ Weather update :সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা! কোন জেলায় কবে ভারী বৃষ্টি?
একদিকে জীবনের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে জীবনের রঙিন মঞ্চে নতুনভাবে ফিরে আসা — নির্মলকুমার ও মাধবী মুখোপাধ্যায়ের এই অধ্যায় যেন বাংলার সংস্কৃতির এক নিঃশব্দ অথচ গর্বিত প্রহর।






