ব্যারাকপুরে বনধ সমর্থকদের সঙ্গে যুদ্ধ বাঁধলো পুলিশের, ইট বৃষ্টি থেকে কাঁদানে গ্যাস, এলাকা নিল রণক্ষেত্রের চেহারা

আজ বিজেপির নেতা মণীশ শুক্ল’র খুনের প্রতিবাদে ১২ ঘন্টার ব্যারাকপুর বনধ ডেকেছিল বিজেপি নেতৃত্ব। যেমনটা ভাবা হয়েছিল ঠিক সেরকমটাই ‘বনধ’কে কেন্দ্র করে টিটাগড় নিয়েছিল রণক্ষেত্রের চেহারা। আজ দুপুরে বিটি রোডের অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ বাঁধে সমর্থকদের। পুলিশকে উদ্দেশ্য করে বোমা এবং থান ইট ছোড়া হয় বলে অভিযোগ আবার অন্যদিকে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিজেপির একটি পার্টি অফিসে ঢুকে বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ।

এদিন সকাল থেকে আগুন জ্বালিয়ে বিটি রোড স্তব্ধ করে দেওয়া হয়। ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়। বিকালে ব্যারাকপুর পুলিশ কমিশনের আধিকারিকরা অবরোধ তুলতে গেলে বনধ সমর্থকরা কিছুতেই রাজি হননি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে দেন তারা এবং তারপরেই কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। রাস্তায় উপস্থিত জনতা তখন প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন দিকে ছুটে পালাচ্ছে। বিজেপি নেতা কর্মীরা তখন লাগোয়া একটি পার্টি অফিসে ঢুকে পড়লে সেখানে গিয়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে বার করে।

এলাকায় উত্তেজনা তখন তুঙ্গে। এরপর গোটা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুলিশ। যদিও এখন বি টি রোডে যান চলাচল শুরু হয়েছে তবে গোটা এলাকায় বজায় রয়েছে থমথমে পরিস্থিতি এবং আতঙ্ক।

আরও অন্যান্য খবর