এবার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। স্বামী রাজ কুন্দ্রার অ্যাপ ‘হটশটস’এ কী ধরণের ভিডিও আপলোড হত, সে বিষয়ে কিছু জানেন না শিল্পা। এমনকি এই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই বলেও জেরায় জানান অভিনেত্রী।
প্রায় ৬ ঘণ্টা ধরে গোয়েন্দা বিভাগ জিজ্ঞাসাবাদ চালায় শিল্পাকে। তাঁর বয়ানে বেশ কিছু তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে শিল্পা নিজের স্বামীর সপক্ষে যুক্তি দিয়েছেন যে যৌন উদ্দীপক ছবি ও পর্ণ ভিডিওর মধ্যে ফারাক রয়েছে। তিনি এও জানান যে তাঁর স্বামী পর্ণ বানাতেন না।
শিল্পার আরও দাবী, রাজের ভগ্নীপতি প্রদীপ বক্সি লন্ডনে থাকেন। এই অ্যাপের সমস্ত কাজকর্মের দায়িত্বে রয়েছেন তিনিই। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলেই চিহ্নিত করেছেন।
জানা গিয়েছে, রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন শিল্পা। এরপরই পুলিশের নজরে এসেছেন তিনি। ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ ডিরেক্টর হিসেবে শিল্পা কতদিন ধরে কাজ করছেন, সে বিষয়েও নানান বয়ান রেকর্ড করা হয়েছে। এও জানা গিয়েছে যে ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে শুরু করে ব্যবসার হিসাব রাখা, সবটাই হত রাজের এই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমেই।এ
এদিকে, রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। এমন শুনানির পর রাজের আইনজীবী জানিয়েছেন যে এভাবে তাঁর মক্কেলের গ্রেফতার আইনসম্মত নয়। এমনকি, সুবিচারের জন্য তাঁরা উচ্চ আদালতে আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে। গতকাল, শুক্রবার রাজ এবং শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি চালায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আধিকারিকদের সঙ্গে রাজও উপস্থিত ছিলেন সেখানে।
আরও পড়ুন- ‘পেলে’ হারিয়ে গিয়েছে, কে সন্ধান দেবে? পোস্ট করতেই সুদীপার দিকে ধেয়ে এল কটাক্ষের বন্যা
এই পর্ন-কাণ্ডে রাজের ভূমিকা নিয়ে আরও বিস্তারিত তথ্য পেতেই এই তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সেই সময়ই জিজ্ঞাসাবাদ করা হয় শিল্পাকে। তবে তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও রকম তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলেই জানিয়েছে মুম্বই পুলিশ।





