আর জি করের নৃশংস ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের সুর উঠেছে চরমে। সাধারণ মানুষ কখনও মোমবাতি হাতে কখনও হাতে মশাল নিয়ে বেরিয়ে এসেছেন রাস্তায়। চলছে নিয়মিত রাত দখল। গোটা বাংলা মুখরিত হচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জন সাধারণের উদ্দেশ্যে উৎসবে মেতে ওঠার বার্তা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বলেন, “পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। একমাস একদিন হয়ে গেল। রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়”। মমতার এই বার্তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। জনরোষের সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যকে ঘিরে। প্রতিবাদী জনতার মন ঘুড়িয়ে দিতেই এই বার্তা দিয়েছেন বলে গর্জে উঠেছে আন্দোলনকারীদের একাংশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তীব্র নিন্দা করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর জি করের ঘটনায় প্রথম দিন থেকেই প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন শ্রীলেখা। আম জনতার সাথে মিশে গিয়ে স্লোগান দিয়েছেন। পা মিলিয়ে মিছিলে হেঁটেছেন আন্দোলনকারীদের সাথে। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্যের জন্য তীব্র ভর্ৎসনা করলেন শ্রীলেখা মিত্র।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা-মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক?চাঁদা আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি”। শ্রীলেখা মিত্র আরও লেখেন, “আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পুজো। তিলোত্তমাদের পুজো। মানুষ আপনার পুজোর ফানুসে আর ভুলছে না”। শ্রীলেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবী করেন শেষে ‘রিজাইন’ (resign)।
আরও পড়ুনঃ ‘একমাস তো হয়ে গেল, এবার উৎসবে ফিরুন…’, প্রতিবাদী জনতার মন ঘোরাতে নয়া কৌশল, দুর্গাপুজোয় মেতে ওঠার ডাক মমতার
দিন দিন তীব্রতর হচ্ছে প্রতিবাদ। স্লোগানের আওয়াজ হচ্ছে আরও তীক্ষ্ণ। প্রথম থেকেই আন্দোলনকারীদের একাংশের আর জি করের ঘটনায় দোষীদের আড়াল করা, পুলিশকে দিয়ে প্রমাণ লোপাট প্রভৃতি অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের ওপর । তাতে এমনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। যখন রাজ্যে প্রতিবাদের ঝড় আছে পড়ছে মুহুর্মুহু এহেন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবে মেতে ওঠার বার্তা দিয়েছেন তার ফলে নিজেদেরই অস্বস্তির কারণ বাড়িয়ে ফেললেন না তো মুখ্যমন্ত্রী।





