গাজ়া ও প্যালেস্তাইনের সমর্থনে আয়োজিত একটি সভার প্রচার করে ফের বিতর্কের মুখে অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বইয়ের আজ়াদ ময়দানে ১৮ জুন আয়োজিত এই সভা যৌথভাবে আয়োজন করেছে সিপিআই, সিপিআই(এম), সিপিআই(এমএল), আরএসপি, সমাজবাদী পার্টি-সহ একাধিক বামপন্থী দল।
এই সভার পোস্টার স্বরা নিজের সমাজমাধ্যমে শেয়ার করে মুম্বইবাসীদের উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি লিখেছেন, “মুম্বই শহরের মানুষ, ১৮ জুন সকলে প্যালেস্তাইনের জন্য উপস্থিত থাকবেন।” এই বার্তার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। একাধিক নেটিজেন তাঁর এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করতে শুরু করেন।
একজন মন্তব্য করেন, “পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দু এঁদের সকলকে ছেড়ে ইনি চিন্তায় পড়েছেন প্যালেস্তানীয়দের নিয়ে। মুসলিমদের প্রতি যদি এত ভালবাসা থেকেই থাকে, তা হলে বালোচ মুসলিমদের জন্যও একটু সরব হন। কিন্তু সেটাই বা কী ভাবে করবেন? তা হলে তো রাজনীতিগত দিক থেকে পাকিস্তানের বিরোধিতা করতে হবে!”
আর এক নিন্দুকের প্রশ্ন, “পহেলগাঁও কাণ্ডের সময়ে তো এত কিছু করেননি। পহেলগাঁও-এর নিহতদের জন্য তো কখনও মুম্বইবাসীদের ডাক দেননি!”
কেউ লিখেছেন, “আপনি প্যালেস্তাইনে গিয়ে লড়াইটা করুন। এখানে বসে সভা করে কিছু হবে না।”
আরও পড়ুনঃ Israel Iran War: লাইভ চলাকালীন স্টুডিয়োতে বিস্ফোরণ! সঞ্চালিকা দৌড়ে পালালেন, ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর মুহূর্ত
তবে কেবল সমালোচনা নয়, স্বরার পাশে দাঁড়িয়েছেন তাঁর অনেক অনুরাগীও। তাঁদের মতে, মানবতার প্রশ্নে যাঁরা কণ্ঠ তোলেন, তাঁদের প্রতি এত বিদ্বেষ কেন? তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি স্বরা ভাস্কর।





