টিভির পর্দায় তখন লাইভ সম্প্রচার। ইরান-ইজরায়েলের চলমান সংঘাতের মাঝে স্টুডিয়ো থেকে একের পর এক খবর জানাচ্ছেন সঞ্চালিকা। হঠাৎ ভয়ঙ্কর শব্দ, কেঁপে উঠল পুরো ভবন। মুহূর্তেই থেমে গেল খবর পাঠ, ক্যামেরার সামনেই স্টুডিয়ো ছেড়ে দৌড়ে পালালেন সঞ্চালিকা।
ঘটনাটি ঘটেছে ইরানের একটি সরকারি টেলিভিশন চ্যানেলে। রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের তরফে ওই চ্যানেলের ভবনে সরাসরি হামলা চালানো হয়। সেই সময়ই স্টুডিয়োয় লাইভ চলছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ভবন, এবং সেই দৃশ্য সম্প্রচারেও ধরা পড়ে। ওই ভিডিয়ো এখন ভাইরাল, যা দেখে শিউরে উঠেছেন বহু মানুষ।
এদিকে, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত শরীরে ক্যামেরার সামনে রিপোর্টিং করতে দেখা যায় এক ইরানীয় সাংবাদিককে। তাঁর পেছনে তখন আগুন জ্বলছে—ইজরায়েলের হামলায় বিধ্বস্ত হচ্ছে তাঁরই অফিস। জানা গিয়েছে, এই হামলায় একাধিক সাংবাদিক আহত হয়েছেন। তবে বিস্ফোরণের ধাক্কা সামলেই ফের সম্প্রচার শুরু করেছে চ্যানেলটি।
সারা দিন ধরে ইজরায়েলের পক্ষ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরানের রাজধানী তেহরানে। পাল্টা জবাব দিয়েছে ইরানও—হাইফা, জেরুজালেম ও তেল আবিব-সহ একাধিক শহরে চালানো হয়েছে হামলা।
আরও পড়ুন: ১৬৩ ধারা জারি থাকলেও ছাড় হাইকোর্টের, শর্ত সাপেক্ষে মহেশতলা যাচ্ছেন শুভেন্দু মঙ্গলবার!
এই ঘটনার লাইভ ভিডিয়ো সামনে আসতেই সারা দুনিয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। সংঘাত যে আরও ভয়াবহ মোড় নিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার