হেমা মালিনীও ছিনিয়ে নিতে পারেন নি জনপ্রিয়তা, পর্দার মহিষাসুরমর্দিনী হয়ে উঠতে হবিষ্যি খেয়েই শুটিং করতেন সংযুক্তা

আজ মহালয়া। আর মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী। রেডিও হোক বা টিভি, মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী না শুনে বা দেখে দুর্গাপুজো শুরু হয় না বাঙালির। একদিকে ভোর চারটের সময় যেমন ভেসে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর’, তেমনই আবার ভোর ৫টা থেকে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে দেবীর অসুর নিধনের রূপ।

আজকাল মহিষাসুরমর্দিনী নিয়ে একেক জনের এক এক রকমের মত, সাধারণত টেলিভিশন বা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীরাই মহিষাসুরমর্দিনীর পাঠ করে থাকেন। তবে এখনও যেন বাঙালির মন থেকে যেতেই চায় না ডিডি বাংলার সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মহিষাসুরমর্দিনীর সেই অনুষ্ঠান।

১৯৯৪ সালে প্রথমবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছিল মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। সেই বছর পর্দার প্রথম মহিষাসুরমর্দিনী হয়ে উঠেছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। কলকাতা দূরদর্শন যা ডিডি বাংলা নামেই জনপ্রিয় সেখানেই তাঁকে দেখা যায় দেবী দুর্গা রূপে। সেই সময় সংযুক্তা প্রথম বর্ষের ছাত্রী। গুরুজি গোবিন্দন কুট্টির ফোন পান সংযুক্তা। তারপর তো বাকিটা ইতিহাস। মাত্র ১৮ বছরের সেই মেয়ের তেজ, রূপ, নাচ, রুদ্ররূপে গোটা বাংলা মোহিত হয়।

এর পরের বছর অভিনেত্রী হেমা মালিনীকে দেখা যায় মহিষাসুরমর্দিনী রূপে ডিডি বাংলা চ্যানেলে। কিন্তু তা বিশেষ ছাপ ফেলে নি। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে যেমন চণ্ডীপাঠ মেনে নিতে পারেনি বাঙালি, তেমনই হেমা মালিনী এসেও সংযুক্তার মহিষাসুরমর্দিনীর রূপের জনপ্রিয়তা কেড়ে নিতে পারেন নি। এর ফলে ফের ১৯৯৬ সালে মহিষাসুরমর্দিনীর জন্য ডাক পড়ে সেই সংযুক্তারই। বাঙালির ইচ্ছার জেরেই ফের একবার পর্দার দুর্গা হয়ে উঠলেন তিনি।

জানা গিয়েছে, পর্দায় দেবী দুর্গা হয়ে উঠতে, মহিষাসুরমর্দিনীর জন্য হবিষ্যি খেতেন সংযুক্তা। ছুঁয়েও দেখতেন না স্টুডিওর খাবার। এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সংযুক্তা জানিয়েছিলেন, “আগে তো মাটির হাত বেঁধে পারফর্ম করতাম। তখন মনে হতো অজ্ঞান হয়ে যাব। পরে কুমোরটুলি থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। তাঁরা তখন ফাইবারের হাত বানিয়ে দেন”। আজও নানান চ্যানেলে অনুষ্ঠিত হয় মহিষাসুরমর্দিনী। কিন্তু সংযুক্তা যে ছাপ বাঙালির মনে ফেলে গিয়েছেন, তা হয়ত এখনও পর্যন্ত কেউ অতিক্রম করতে পারে নি।  

RELATED Articles